ডিআইইউয়ে ৮৫০ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ

আপডেট : ১১ আগস্ট ২০১৪, ২০:১২
তথ্যপ্রযুক্তির ক্রমবিকাশমান ধারার সাথে প্রতিটি শিক্ষার্থীকে যুগোপযোগী করে তুলতে এবং প্রতিযোগিতামূলক চাকরির বাজারে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গত ৯ আগস্ট ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) শিক্ষার্থীদের মাঝে দশম পর্বে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ করেন ডিআইইউ উপাচার্য প্রফেসর ড. এম লুত্ফর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এম সামছুল আলম, রেজিস্ট্রার প্রফেসর ড. প্রকৌশলী একেএম ফজলুল হক প্রমুখ। অনুষ্ঠানে ৮৫০ শিক্ষার্থীর হাতে ল্যাপটপ তুলে দেওয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘তথ্যপ্রযুক্তির যুগে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন তাল মিলিয়ে চলতে পারে সেজন্য এই প্রকল্পটি চালু করা হয়েছে।’ ল্যাপটপ ব্যবহারের মাধ্যমে ব্লগ, ওয়েবসাইটসহ বিশ্ববিদ্যালয়-প্রদত্ত বিভিন্ন সুবিধার সর্বোত্তম ব্যাহার নিশ্চিত করার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।