সেলিম আল দীনকে নিয়ে ঢাকা থিয়েটার

আপডেট : ১১ আগস্ট ২০১৪, ২০:২৮
আগামী ১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৬৫তম জন্মদিন। এ উপলক্ষে ১৭ ও ১৮ আগস্ট দু’দিনব্যাপী জন্মস্মরণ অনুষ্ঠান আয়োজন করেছে সেলিম আল দীন ফাউন্ডেশন। আয়োজনের অংশে থাকছে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, সেমিনার, নাটক মঞ্চায়ন, পদক প্রদান ও সংগীত পরিবেশন। উদ্বোধনী দিন বিকেল ৩টা ৩০ মিনিটে জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে সেমিনারের আয়োজন করা হয়েছে। বাংলাদেশের জাতীয় নাট্যাঙ্গিক এবং ঢাকা থিয়েটারের ‘দ্য টেম্পেস্ট’ সেমিনারটিতে প্রবন্ধ উপস্থাপন করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক মাসউদ ইমরান মান্নু। অনুষ্ঠানের পরবর্তী অংশে থাকছে ‘সেলিম আল দীন পদক ১৪২১’ প্রদান। জাতীয় নাট্যশালা মূল মঞ্চে সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ গ্রাম থিয়েটারকে এই পদক প্রদান করা হবে। রাত ৮টায় থাকছে সেলিম আল দীনের রচনা ও তৌফিক হাসান ময়নার নির্দেশনায় থাকছে নাটক ‘দ্রোহ’। আয়োজনের শেষ দিন ১৮ আগস্ট সকাল দশটায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেলিম আল দীনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। সন্ধ্যা ৭টায় থাকছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে ‘রবীন্দ্রভুবনে সেলিমের ভ্রমণ’। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।