ঈদের পর থেকে শেয়ারবাজার চাঙ্গা হয়ে উঠেছে। বড় মূলধনী কোম্পানিগুলো ঘিরে ক্রেতাদের চাহিদা বাড়ায় শেয়ারবাজারে সূচকের পাশাপাশি লেনদেনও বেড়েছে অনেক। গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৭৯০ কোটি টাকা। যা গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ। হঠাত্ করে লেনদেন বেড়ে যাওয়ার কারণ সম্পর্কে খোঁজ নিয়ে জানা গেছে, একাধিক প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বাজারে বিনিয়োগ করেছে। এতে বাজারে লেনদেন বেড়েছে। লেনদেনের এ গতি ধরে রাখতে হলে বাজারে প্রাতিষ্ঠানিক সব বিনিয়োগকারীর অংশগ্রহণ থাকতে হবে বলে মনে করে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ।
আইডিএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, গতকাল ডিএসইতে বড় মূলধনী কোম্পানিগুলোর শেয়ার দর বেড়েছে ১ দশমিক ৪৮ শতাংশ। এর মধ্যে লাফার্জ সুরমা সিমেন্টের দাম বেড়েছে ৩ দশমিক ৬৭ শতাংশ। স্কয়ার ফার্মার দাম বেড়েছে ১ দশমিক ৯৩ শতাংশ। গ্রামীণফোনের দাম বেড়েছে ১ দশমিক ৮৩ শতাংশ। গতকাল ডিএসই’র মোট লেনদেনের ৩৬ ভাগই হয়েছে ফার্মাসিউটিক্যালস ও জ্বালানি খাত ঘিরে।
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৩৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ২২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭০১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৭৯০ কোটি ১৮ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ২৬ কোটি ২৮ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ৩০১টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৩৫টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ারের। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ১০৫ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৫৪ কোটি ৫ লাখ টাকা। লেনদেনকৃত ২৩২টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৯৪টির কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ারের।
ডিএসই জানিয়েছে, শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুত্ খাতের কোম্পানি শাহজীবাজার পাওয়ার (এসপিসিএল) লিমিটেডের লেনদেন স্থগিত করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল থেকে লেনদেন বন্ধ হয়েছে। আগামীতে কোনো ঘোষণা দেয়ার আগ পর্যন্ত লেনদেন বন্ধ থাকবে। বিনিয়োগকারীদের স্বার্থে বিএসইসি এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে। এদিকে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, শাহজীবাজারের দর বাড়ার পেছনে কোনো সংবেদনশীল তথ্য নেই। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গত ১৪ কার্যদিবসে শাহজীবাজার পাওয়ারের শেয়ার দর বেড়েছে ৫৪ দশমিক ২ টাকা।
