অর্থবছরের প্রথম মাসে রফতানি কমেছে

আপডেট : ১১ আগস্ট ২০১৪, ২০:৪৬
চলতি ২০১৪-১৫ অর্থবছরে প্রথম মাস জুলাইয়ে আগের অর্থবছরের একই মাসের তুলনায় রফতানি কমেছে। অর্জিত হয়নি এ মাসের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রাও। গত মাসে মোট ২৯৮ কোটি ২৭ লাখ মার্কিন ডলারের পণ্য রফতানি হয়েছে। আগের অর্থবছরের একই মাসে রফতানির পরিমাণ ছিল ৩০২ কোটি ৪২ লাখ ডলার। অন্যদিকে গেল জুলাই মাসের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় দুই দশমিক তিন শতাংশ কম রফতানি হয়েছে। রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিসংখ্যানে দেখা গেছে, রফতানি আয়ের প্রধান নিয়ামক তৈরি পোশাকের মধ্যে নিটওয়্যার রফতানির লক্ষ্যমাত্রা পূরণ করলেও ওভেন পোশাক খাতে চলতি অর্থবছরের প্রথম মাসের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি। আলোচ্য সময়ে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় নিটওয়্যার খাতের রফতানি চার দশমিক ৩২ শতাংশ বেড়েছে। এ সময়ে ১৩০ কোটি ৭৯ লাখ ডলারের নিটওয়্যার রফতানি হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে সাত দশমিক ৯২ শতাংশ বেশি। আর এ মাসে ওভেন পোশাক খাতে রফতানি হয়েছে ১২১ কোটি ১০ লাখ ডলারের। যা লক্ষ্যমাত্রার তুলনায় তিন দশমিক ৫৫ শতাংশ কম এবং গত বছরের একই মাসের তুলনায় চার দশমিক ১৪ শতাংশ কম। এছাড়া স্পেশালাইজ্ড টেক্সটাইল ও হোম টেক্সটাইল খাতের প্রবৃদ্ধি ও লক্ষ্যমাত্রা দুটোই কমেছে। অন্যদিকে আলোচ্য সময়ে কৃষি ও কৃষিজাত পণ্য, কাঠ ও কাঠজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, ইঞ্জিনিয়ারিং পণ্যসহ প্রায় সকল পণ্যেই রফতানি প্রবৃদ্ধি নেতিবাচক হয়েছে। জুলাই মাসে রফতানির এমন করুণ অবস্থার মধ্যেও হিমায়িত খাদ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, ফুটওয়্যার, প্লাস্টিক পণ্যের রফতানি বেশ ভাল হয়েছে।