কোটি টাকার জাল স্ট্যাম্প ও প্রাইজবন্ড উদ্ধার

আপডেট : ১১ আগস্ট ২০১৪, ২১:৩৫
মতিউর রহমান জনতা ব্যাংকের নিরাপত্তা কর্মী। তিনি তার মেয়ে মাহামুদা রহমানকে নিয়ে বাসায় জাল রেভিনিউ স্ট্যাম্প ও প্রাইজবন্ড তৈরি করতেন। আর এ কাজে সহযোগিতা করতেন এক প্রকৌশলী। এরপর জাল রেভিনিউ স্ট্যাম্প ও প্রাইজবন্ড বিভিন্ন ব্যাংকে অসাধু কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে সরবরাহ করতেন। বছরের পর বছর এই জালিয়াতি বাণিজ্য করে আসলেও বাবা-মেয়ের শেষ রক্ষা হয়নি। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) হাতে কোটি টাকার জাল রেভিনিউ স্ট্যাম্প ও প্রাইজবন্ড এবং এসব তৈরির সরঞ্জামসহ গ্রেফতার হয়েছেন তারা। মতিউর রহমান জনতা ব্যাংক মগবাজার শাখায় নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত। সিআইডির বিশেষ পুলিশ সুপার আব্দুল কাহার আকন্দ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার মগবাজার এলাকার একটি চায়ের দোকান থেকে মতিউর রহমানকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যে অভিযান চালিয়ে মগবাজারের ৬৫১ নম্বর বাড়ির ফ্ল্যাট থেকে মেয়ে মাহামুদা রহমানকে (২৮) জাল স্ট্যাম্প তৈরির সময় হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় উদ্ধার করা হয় কোটি টাকা মূল্যের জাল রেভিনিউ স্ট্যাম্প ও প্রাইজবন্ড। জব্দ করা হয় বিভিন্ন ব্যাংকের সিল, একটি কম্পিউটার, একটি ল্যাপটপ, প্রিন্টার ও কালি। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার বাবা-মেয়ে জানিয়েছেন বিভিন্ন ব্যাংক থেকে আসল প্রাইজবন্ড কিনে ঐ নম্বরে নকল প্রাইজবন্ড ছাপাতেন বাসায়। আর রেভিনিউ স্ট্যাম্পও ছাপানো হত। এরপর তা বিভিন্ন ব্যাংকের অসাধু কর্মকর্তা ও কর্মচারীদের সহায়তায় তা ব্যাংকে বিক্রি করতেন। তাদের এ কাজে একজন প্রকৌশলী চুক্তিতে প্রতিদিন এক ঘন্টা সহযোগিতা করতেন। কয়েক বছর ধরেই তারা এই জালিয়াতি করে আসছেন। তাদের এই জালিয়াতির সঙ্গে আরো বেশ কয়েকজনের নাম জানিয়েছে। তবে তদন্তের স্বার্থে এখনই তা প্রকাশ করা যাচ্ছে না বলে জানান তিনি।