জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মাধ্যমে বাস্তবায়িত রূপনগর সম্প্রসারিত দ্বিতীয় প্রকল্পের প্লট মালিকদের মধ্যে বুঝিয়ে দেয়ার জন্য অবস্থান ধর্মঘট করেছে মিরপুর ও পল্লবী থানার রূপনগর সম্প্রসারিত আবাসিক প্লট মালিক কল্যাণ সমিতি। এ সময় তারা জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ডিভিশন অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন। সোমবার মিরপুর-২ নম্বরে অবস্থিত জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কার্যালয়ের সামনে তারা এ অবস্থান ধর্মঘট পালন করেন।
অবস্থান ধর্মঘট শেষে তারা সাংবাদিকদের জানান, প্লটগুলো এশিয়ান উন্নয়ন ব্যাংকের সাহায্যপুষ্ট ও একনেক অনুমোদিত। বর্তমানে প্লটগুলো ‘অবাঙালিরা’ অবৈধভাবে দখল করে রেখেছেন। তাদের উচ্ছেদ করে প্লটগুলো প্রাপকদের বুঝিয়ে দেয়ার জন্য সরকারের সুদৃষ্টি কামনা করেন তারা। দাবি আদায় না হলে আগামী ২৫ আগস্ট সেগুনবাগিচায় অবস্থিত জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ অফিসের সামনে অবস্থান ধর্মঘট পালনের ঘোষণা দেয়া হয়।
