মন্ত্রীদের সংযমী হওয়ার পরামর্শ সুরঞ্জিতের

আপডেট : ১১ আগস্ট ২০১৪, ২১:৩৬
আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত এমপি সমাজকল্যাণ মন্ত্রীর উদ্দেশ্যে বলেছেন, মন্ত্রী হলে সংযমী হতে হবে। চট করে উত্তেজিত হলে চলবে না। আগের দিন গালমন্দ করে পরের দিন ক্ষমা চাইলে হবে না। সোমবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সবাইকে গণমাধ্যমের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার পরামর্শ দিয়ে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এটাকে বাদ দিয়ে গণতন্ত্র হয় না। আয়োজক সংগঠনের উপদেষ্টা ব্যারিস্টার জাকির হোসেনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা হারুন চৌধুরী, কৃষক লীগ নেতা আব্দুল হাই কানু প্রমুখ।