শিরোপা বঞ্চিত ফেদেরার-ভেনাস

আপডেট : ১১ আগস্ট ২০১৪, ২১:৪৭
ক্যারিয়ারের আশিতম শিরোপার খুব কাছে গিয়েও খালি হাতে ফিরতে হলো রজার ফেদেরারকে। কানাডার টরেন্টোতে রজার্স কাপের ফাইনালে এই সুইস সুপারস্টারকে হারিয়ে ক্যারিয়ারের এগারতম শিরোপা জিতেছেন জো উইলফ্রেড সোঙ্গা। নোভাক জোকোভিচ, অ্যান্ডি মারেকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়া এই ফরাসি শিরোপার লড়াইয়ে গত রোববার রাতে ফেদেরারকে হারিয়েছেন ৭-৫, ৭-৬(৭-৩) গেমে। অন্যদিকে, একই রাতে মহিলা এককের ফাইনালে অগনেইস্কা রাদওয়ানস্কা ৬-৪, ৬-২ গেমে হারিয়েছেন সাবেক বিশ্বসেরা ভেনাস উইলিয়ামসকে। দু’বছর আগে একটি অগ্নিনির্বাপণ যন্ত্রের সঙ্গে আচমকা ধাক্কা লেগে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়া সোঙ্গা এবার সেই কানাডাতেই পেলেন ক্যারিয়ারের অন্যতম বড় সাফল্য। যা কিনা ২০০৮ সালে প্যারিস মাস্টার্সের পর তার প্রথম এটিপি শিরোপা। শেষ আট এবং শেষ চারে যথাক্রমে অ্যান্ডি মারে এবং গ্রিগর দিমিত্রভকে হারানোর পরে সোঙ্গা বলেছিলেন গত দু’বছরের কঠিন পরিশ্রমের ফল হচ্ছে এই টুর্নামেন্টে তার পারফরম্যান্স। এবার ফাইনালে ফেদেরারকে হারানোর পরেও একই কথার পুনরাবৃত্তি করলেন দীর্ঘদেহী এই অ্যাথলেট। পুরো টুর্নামেন্টে একটি মাত্র সেট হারা ২৯ বছর বয়সী এই তারকা বলেন, ‘আপনি যদি কোন জিনিস মন থেকে বিশ্বাস করেন, তাহলে সেটা ঘটবেই। এই শিরোপাটা চিরদিন আমার হূদয়ে অন্যরকম জায়গা দখল করে থাকবে। দু’বছর আগে এখানে আমি হাঁটুতে আঘাত পেয়েছিলাম, কিন্তু এখন পরিস্থিতি পাল্টে গেছে। এই জয়টা আসলেই বিশেষ কিছু। তবে সেটা রজারের প্রতি আমার যে শ্রদ্ধাবোধকে পাল্টাবে না।’ শুধু এই ম্যাচ নয়, পুরো টুর্নামেন্টটাই আসলে স্বপ্নের মতো কেটেছে সোঙ্গার। ত্রয়োদশ বাছাই হিসাবে টুর্নামেন্ট শুরু করা খেলোয়াড়টি তৃতীয় রাউন্ডে সরাসরি সেটে উড়িয়ে দেন জোকোভিচকে। এরপর, শেষ আটে তার শিকার হন মারে। ফাইনালে যাওয়ার লড়াইয়ে তিন সেটের ম্যাচে সোঙ্গা পরাস্ত করেন সপ্তম বাছাই বুলগেরিয়ান দিমিত্রভকে। ক্যারিয়ারের দ্বিতীয় এটিপি শিরোপা জেতার পর অবিশ্বাস্য একটা সপ্তাহ কাটানোর কথা স্বীকার করলেন সোঙ্গা নিজেও, ‘এটা আসলে অদ্ভুত একটা সপ্তাহ ছিল। আমি সত্যিই দারুণ খেলেছি এবং নিজের খেলায় সন্তুষ্ট। এমনভাবে ফর্মে ফিরতে পারাটা সত্যিই অবিশ্বাস্য। আমি জানতাম আমার পক্ষে ভাল করা সম্ভব। আশা করছি এটা (এই শিরোপা) মৌসুমের বাকি সময়টাতে আমাকে আরো ভাল করতে উত্সাহিত করবে।’ এদিকে ৩৭টি আনফোর্সড করে সোঙ্গার জয়ের পথকে সহজ করে দেয়া ফেদেরার এই হারের পেছনে দুষলেন নিজেকেই। ক্যারিয়ারের ১২০তম এবং মৌসুমের ষষ্ঠ ফাইনালে নিজের খেলায় হতাশ হলেও আগামী সপ্তাহে সিনসিনাটি ওপেনে ভাল করারও প্রতিশ্রুতি দিলেন তিনি, ‘ম্যাচের ফল আশাব্যঞ্জক না হলেও দারুণ কিছু সময় কেটেছে এখানে। (এখানে) অসাধারণ কিছু রাত কেটেছে আমার। সত্যিই সেগুলো ছিল উপভোগ্য। জো’র প্রাপ্য ছিল শিরোপাটা। (ফাইনালে) আসার পথে সে দুর্দান্ত কিছু খেলোয়াড়কে হারিয়েছে এবং শেষ পর্যন্ত শিরোপাও জিতলো।’ এ মৌসুমে ছয়টি ফাইনাল খেলে চারটিতেই হারতে হলো কয়েকদিন আগেই ৩৩তম জন্মদিন পালন করা ফেদেরারকে। তার মধ্যে আছে জোকোভিচের বিরুদ্ধে উইম্বলডন ফাইনালও। ২৫ আগস্ট থেকে শুরু হচ্ছে বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন। তার আগে সিনসিনাটি ওপেনই শেষ টুর্নামেন্ট হতে যাচ্ছে ফেদেরারের। এদিকে, ভেনাসকে হারিয়ে প্রায় চার লাখ ৭০ হাজার ডলার মূল্যের শিরোপা নিশ্চিত করার পর স্বভাবতই দারুণ উল্লসিত ছিলেন রাদওয়ানস্কা। এই পোলিশ বলেন, ‘আমি সত্যি দারুণ খুশি। আজ সব কিছুই আমার পক্ষে কাজ করছিল। আমি শুধু চাইছিলাম প্রাপ্ত সুযোগগুলোকে কাজে লাগাতে। যেখানে আমার সামান্যতম সুযোগও ছিল, আমি সেখানেই ছুটতে চেয়েছি।’ গত বছরের সেপ্টেম্বরে সিউল মাস্টার্সের জেতার পর এটাই ছিল রাদওয়ানস্কার প্রথম শিরোপা। অন্যদিকে, সেমিফাইনালে ছোট বোন সেরেনাকে হারিয়ে ফাইনালে পৌঁছা ভেনাস স্বীকার করলেন ফাইনালে কোন সুযোগই পাননি তিনি, ‘আমি (প্রতি ক্ষেত্রেই) একটু পিছিয়ে ছিলাম। আমি যে রকমটা খেলতে চাইছিলাম, সেরকম কিছু করার সুযোগই পাইনি।’ —সুপারস্পোর্ট