ডি ভিলিয়ার্সকে ছাড়িয়ে গেলেন সাঙ্গাকারা

আপডেট : ১১ আগস্ট ২০১৪, ২১:৪৯
আইসিসি র্যাংকিংয়ের শীর্ষ টেস্ট ব্যাটসম্যানের স্থান দখলে নিলেন শ্রীলংকার কুমার সাঙ্গাকারা। রবিবার প্রথম টেস্টে মিসবাহ উল হকের নেতৃত্বাধীন পাকিস্তানকে সাত উইকেটে হারানো ম্যাচে নিজের দশম ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে শীর্ষ স্থানে উঠে আসেন সাঙ্গাকারা। চলতি মৌসুমটি দারুণ কাটাচ্ছেন ৩৬ বছর বয়সী এ ব্যাটসম্যান। লংগার ভার্সনের ম্যাচে এ বছর এ পর্যন্ত তিনি ৮৪.৩৭ গড়ে মোট ১৩৫০ রান করেছেন। গল স্টেডিয়ামে করা ২১১ রান ছিল ২০১৪ সালে তার চতুর্থ সেঞ্চুরি। র্যাংকিংয়ের শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সকে টপকান সাঙ্গাকারা। দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক ৩০ বছর বয়সী হাশিম আমলা তৃতীয় এবং অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার চতুর্থ স্থানে রয়েছেন। চলতি বছর সেরা টেস্ট ব্যাটসম্যানদের একজন শ্রীলংকা অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস খেলোয়াড়ি জীবনে প্রথম বার সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন।