ম্যানচেস্টার সিটিকে ৩-০ গোলে বিধ্বস্ত করে কমিউনিটি শিল্ডের শিরোপা জিতে নিয়েছে আর্সেনাল। আর এর মাধ্যমে প্রিমিয়ার লীগের প্রস্তুতিটাও দারুণভাবে সেড়ে নিলেন আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। ওয়েম্বলিতে গত মে মাসে এফএ কাপের শিরোপা জয়ের পরে এটা ছিল এখানে তাদের চলতি বছরের দ্বিতীয় শিরোপা।
মে মাসে সান্টি কাজোরলা, লরেন্ট কোসিনলে এবং অ্যারন রামসের গোলে হাল সিটিকে ৩-২ গোলে পরাজিত করে এফএ কাপের শিরোপা জিতেছিল আর্সেনাল। এর মাধ্যমে নয় বছরের শিরোপা খরা কাটিয়েছিল গানার্সরা। সিটির বিপক্ষে গত রবিবার রাতের ম্যাচেও কাজোরলা এবং রামসে প্রথমার্ধে দুই গোল করেছেন। ফ্রেঞ্চ তারকা অলিভার জিরু দ্বিতীয়ার্ধে গোল করলে সিটি আর ম্যাচে ফিরে আসতে পারেনি। ম্যানচেস্টার সিটির এই দলটি গত তিন বছরে দুইবার প্রিমিয়ার লীগের শিরোপা জিতেছে। আর তাই ইংলিশ মৌসুম শুরুর আগে অন্যতম ফেভারিটদের বিপক্ষে দাপুটে এই জয় নিঃসন্দেহে গানার্সদের আত্মবিশ্বাস বেশ খানিকটা বাড়িয়ে দেবে। ম্যাচ শেষে আর্সেনাল মিডফিল্ডার জ্যাক উইলশিয়ার বলেছেন, আমাদের দলটি দারুণ অবস্থায় রয়েছে। আমরা একসাথে রয়েছি এবং আশা করছি মৌসুমের শুরু থেকেই আমরা এভাবে নিজেদের এগিয়ে নিতে পারবো।’ শনিবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্সেনাল তাদের প্রিমিয়ার লীগ মিশন শুরু করবে। গত ১১ বছরে প্রথমবারের মত লিগ শিরোপা জয়ই হবে এ মৌসুমের প্রধান লক্ষ্য। শিল্ড জয়ের মাধ্যমে মৌসুমের শুরুতে তাই নিজেদের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার পরে ওয়েঙ্গারের শিষ্যরা নিজেদের ফেভারিট দাবি করতেই পারে! পাশাপাশি সিটির মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে অনায়াসে জয় হয়তো উজ্জীবিত করবে আর্সেনাল সমর্থকদেরও।
এফএ কাপের ফাইনালের মতই আর্সেনালের পক্ষে প্রথম গোলটা আসে কাজোরলার কাছ থেকে। ২১ মিনিটে উইলশিয়ার এবং ইয়াইয়া সানোগোর যৌথ প্রচেষ্টা থেকে বল পেয়ে লো শটে দলকে এগিয়ে দেন কাজোরলা। ৪২ মিনিটে আবারো সানোগোর সহায়তায় ব্যবধান দ্বিগুণ করেন রামসে। দ্বিতীয়াধের্র শুরুতে অবশ্য সিটি ম্যাচে ফিরে আসার প্রচেষ্টা চালায়। স্টিভেন জোভেটিকের একটি প্রচেষ্টা আর্সেনাল গোলরক্ষক ওজিচেচ সিজিসনি রুখে দেন। এরপর ৬০ মিনিটে জিরু আর্সেনালের পক্ষে তৃতীয় গোল করলে সিটির আর ম্যাচে ফিরে আসা হয়নি। প্রিমিয়ার লিগ এবং এফএ কাপ চ্যাম্পিয়ন দুই দলের ম্যাচের মাধ্যমে প্রতিবছর আনুষ্ঠানিকভাবে সমাপ্তি হয় ইংল্যান্ডের ফুটবল মৌসুমের। ১৯০৯-০৯ মৌসুম থেকে চলমান এই ম্যাচটিই কমিউনিটি শিল্ড ম্যাচ নামে পরিচিত। শুরু থেকেই ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি।—বাসস
