জিনিয়াস জিনিয়া

আপডেট : ১২ আগস্ট ২০১৪, ১৯:৩৭
জিনিয়া আক্তার। পড়াশুনা করেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে। চার বোনের মধ্যে সবার বড় জিনিয়া। বাবা-মায়ের অনেক বেশি আদরের মেয়ে। বাবা প্রবাসী। মায়ের সঙ্গে থাকেন ঢাকার খিলগাঁয়ে। বাবা-মায়ের ইচ্ছে ছিল জিনিয়া ডাক্তার হবে। তবে জিনিয়ার ইচ্ছে ছিল সে ফার্মাসিস্ট হবেন। জিনিয়ার বড় হয়ে উঠা ঢাকাতে। ছোট বেলা থেকেই বেশি ঝোঁক ছিল পড়াশুনার প্রতি। এসএসসিতে জিপিএ-৫ পেয়েছেন মতিঝিল গভর্নমেন্ট গার্লস স্কুল থেকে। এইচএসসিতেও পেয়েছেন জিপিএ-৫ ন্যাশনাল আইডিয়াল কলেজ থেকে। পড়াশুনা ঠিকভাবে করে গেলেও মনের মতো করে ঘুরে বেড়াতে পছন্দ করেন জিনিয়া। ইচ্ছে হলেই বন্ধুদের নিয়ে ঘুরে বেড়াতে ছুটে যান, সিনেমা দেখতে যান। শপিং করা অনেক বেশি পছন্দ জিনিয়ার। গান গাইতে এবং গান শুনতে অনেক বেশি ভালো লাগে। বই-এর পোকার নাম জিনিয়া। প্রিয় লেখক বাংলা সাহিত্যের জাদুকর হুমায়ূন আহমেদ। প্রিয় চরিত্র মিসির আলি এবং শুভ্র। বিতর্কও করেন জিনিয়া। স্টামফোর্ড ডিবেট ফোরাম আয়োজিত ৬ষ্ঠ ফ্রেসার্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় তার দল। এখন ডিবেট ক্লাব-এর সদস্য সে। ছোটবেলা থেকেই বিতর্ক করার ইচ্ছে ছিল বলে জানান জিনিয়া। জিনিয়া বলেন, বিশ্ববিদ্যালয়ের এই ক্লাবকে নিজের পরিবারের মতো মনে হয়। বাংলাদেশ ক্রিকেট দলের বর ভক্ত জিনিয়া। ইচ্ছে আছে ২০১৫ সালের বিশ্বকাপ দেখার জন্য অস্ট্রেলিয়া যাবেন। পড়াশুনা শেষ করে নারীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে চান। জিনিয়া বিশ্বাস করেন- নারী মুক্তির জন্য শিক্ষা আবশ্যক। শিক্ষা অর্জনের মাধ্যমে অর্থনৈতিক মুক্তি সম্ভব। অর্থনৈতিক মুক্তি পেলে নারীদের প্রতি সহিংসতা কমে আসবে। জিনিয়া বলেন, আমি নিজে স্বাবলম্বী হতে চাই, নিজের দ্বারা অন্যকেও স্বাবলম্বী করতে চাই। উচ্চ শিক্ষার ইচ্ছে আছে, পিএইচডিও করতে চাই।