কল্পনা করুন তো, আপনি এক সপ্তাহের মধ্যে চলে গেলেন ব্রিটেনের শীর্ষ ধনীদের কাতারে! তাহলে ইহাহু বলে তো একটা লাফ দেয়া অসম্ভব নয় আপনার জন্য। আর সেই সময়ে যদি আপনার বয়স হয় মাত্র ১৭, তখন? কল্পনা করতে কষ্ট হচ্ছে? এমন অকল্পনীয় সাফল্যই বাস্তবে ছুঁয়ে ফেলেছেন নিক ডি’অ্যালইসিও নামের এক ব্রিটিশ তরুণ!
২০১৩ সালের ২৫ মার্চ, নিক হঠাত্ করেই হয়ে গেলেন ব্রিটেনের তরুণদের মধ্যে শীর্ষ ধনকুবের। আর তার এই সাফল্যের পেছনে ছিল Summly নামের একটি অ্যাপ। নিক সংবাদ পড়া এবং সংক্ষেপ করার এই অ্যাপটি তৈরি করেই রাতারাতি হয়েছেন কোটিপতি! অ্যাপটি আনুমানিক ৩০ মিলিয়ন ইউএস ডলারে কিনে নিয়েছে ইয়াহু। নিক প্রোগ্রামিং এবং আলগোরিদিমের এক বিস্ময় বালক। মাত্র ১২ বছর বয়সে তিনি কোডিং করতে শুরু করেন। ইয়াহুর যখন জন্ম (১৯৯৪), তখন জন্মই হয়নি নিকের। অথচ সেই নিকই আজ ইয়াহুর সর্ব কনিষ্ঠ একজন কর্মচারী! নিক বলেন, আমি শুধু একনিষ্ঠভাবে কাজ করে গিয়েছি। সাফল্য নিজে এসেই ধরা দিয়েছে আমার হাতে। নিক ব্রিটিশ পত্রিকাগার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাত্কারে বলেন, আমার অ্যাপটি সম্পূর্ণ নতুন। আমার পরিবারের বিশেষ কোন সম্পত্তি নেই। আমরা ইমিগ্রেসনে এখানে এসেছি। আমি শিক্ষার পেছনে খুব বেশি সময় দিতে পারিনি। কিন্তু আপনি যখন প্রযুক্তিভিত্তিক রথীমহারথীদের দিকে তাকাবেন, দেখবেন তাদের অধিকাংশই মাধ্যমিক কিংবা বিশ্ববিদ্যালয়ে পড়েননি। তাই আমি মনে করি না শিক্ষা আমার চলার পথে কোন বাধা হবে।
