‘বিগ বস’ ভারতের সবচেয়ে বিতর্কিত রিয়েলিটি শো। এই অনুষ্ঠানে সাধারণত এমন মানুষদের আনা হয় যাঁরা বিতর্ক বা সমস্যা খুব দ্রুত তৈরি করতে পারেন। আবার অনেক সময় তারকাদের পুরোনো বিতর্ক উসকে দেওয়ার জন্য আনা হয় কিছুজনদের। কিন্তু এখনও পর্যন্ত বিগ বসের ঘরের সদস্যদের মধ্যেই এই বিতর্ক এবং অস্বস্তি সীমাবদ্ধ ছিল। তবে সূত্রের খবর, এইবারে অস্বস্তিতে পড়তে পারেন সঞ্চালক সালমান খান স্বয়ং। চ্যানেলের প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানা গিয়েছে, ‘বিগ বস’ অনুষ্ঠানের নতুন সিজনে দেখা যেতে পারে সঙ্গীতা বিজলানীকে। বলিউডের খবর যারা রাখেন তারা জানেন সালমান খানের জীবনে যে সমস্ত নারীদের উপস্থিতি দেখা গিয়েছিল তাদের অন্যতম একটি নাম হলো সঙ্গীতা বিজলানী। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ আজহারউদ্দিনের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পরে সঙ্গীতা এবং সালমানকে প্রায়শই একসঙ্গে দেখা যেত। এমনকি সালমানের বাড়িতে মাঝেমধ্যেই যেতেন সঙ্গীতা। শোনা গিয়েছে কালার্স চ্যানেল কর্তৃপক্ষ ‘আট’ নম্বর সিজনের জন্য সঙ্গীতা বিজলানীকে বিগ বসের ঘরে আসার জন্য প্রস্তাব দিয়েছেন। কিন্তু এখনও সঙ্গীতা বিজলানীর পক্ষ থেকে কোনো জবাব জানা যায়নি। তবে সঙ্গীতার তরফ থেকে ইতিবাচক ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। গত কয়েকদিন ধরে বিগবসে শুধু তারকাদের ফিরিয়ে দেবার খবরে সালমান বিব্রত হলেও এবারে পুরোনো প্রেমিকার আগমনের খবরটিতে আরও খানিকটা বিপাকে পড়লেন তিনি। তবে সঙ্গীতা-সালমানের এই টিভিস্ক্রিন কেমিস্ট্রিতে চ্যানেলটির টিআরপি যে অনেক উঁচুতে যাবে তা বলাই বাহুল্য।
