বিয়ের তাড়া নেই বিপাশার!

আপডেট : ১২ আগস্ট ২০১৪, ২০:০৪
শুরুতে মুখ না খুললেও অবশেষে বলিউড অভিনেত্রী বিপাশা বসু স্বীকার করলেন হারমান বাওয়েজার সাথে তার সম্পর্কের কথা। কিন্তু বিয়ে করে সংসারী হওয়ার জন্য তিনি নিজেকে কোনো চাপ প্রয়োগ করতে চাচ্ছেন না। নিজের চেয়ে দুই বছরের ছোট হারমান সম্পর্কে বিপাশা বলেন, ‘আমরা বন্ধু আর বন্ধুত্ব না থাকলে কোনো সম্পর্কই আসলে সম্পর্ক নয়। আমি হারমানকে এখনো জানছি। আমরা এখন খুব ভালো আছি এবং এ ব্যাপারে কিছুটা আড়াল থাকতে আমি পছন্দ করব।’ হিন্দি, তামিল, বাংলা মিলিয়ে প্রায় অর্ধশতাধিকেরও বেশি ছবিতে অভিনয় করা এই বলিউড অভিনেত্রী বলেন, ‘আমি সত্যিই জানি না যে আমি কবে সংসারী হবো। আমার চারপাশের মানুষগুলো চায় যে আমি বিয়ে করি। কিন্তু এ ব্যাপারে আমি এখনো কিছু ভাবিনি। আর আমার কোনো তাড়াও নেই। আমি মনে করি, যখন সময় আসবে তখন এটা এমনিতেই হবে। এর জন্য আমি নিজেকে কোনো প্রকার চাপে ফেলতে রাজি নই।’ কিছুদিন আগে হারমানও স্বীকার করেছেন তাদের সম্পর্কের কথা। আর হারমানের পরেই বিপাশার এই স্বীকারোক্তি।