ম্যাক এবং ম্যাকবুকে আসছে সিরি

আপডেট : ১২ আগস্ট ২০১৪, ২০:২৯
আইফোন, আইপ্যাড এবং আইপড টাচের পর এবারে ম্যাক এবং ম্যাকবুকে আসছে অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ভয়েস অ্যাসিস্ট্যান্ট অ্যাপস সিরি। যুক্তরাষ্ট্রের প্যাটেন্ট অফিসে অ্যাপলের জমা দেওয়া এক আবেদন থেকে এমনটিই জানা গেছে। মোবাইল ডিভাইসের বাইরের কম্পিউটিং ডিভাইসে একে নিয়ে আসার প্রচেষ্টা থেকেই এই উদ্যোগ নিয়েছে অ্যাপল। ম্যাক এবং ম্যাকবুক ব্যবহারের ক্ষেত্রে সিরি নামের এই ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট সার্ভিস কতটা কার্যকরী হয়ে উঠতে পারে, মূলত তা বর্ণনা করা হয়েছে অ্যাপলের প্যাটেন্ট আবেদনে। এতে অ্যাপল জানিয়েছে, মাল্টি-টাস্কিং করার ক্ষেত্রে সিরি বড় ধরনের ভূমিকা রাখতে সক্ষম হবে। প্যাটেন্ট আবেদন থেকে জানা যায়, সব ধরনের ডিভাইসে ব্যবহূত সিরি অ্যাপ্লিকেশন নিজেদের মধ্যে সিনক্রোনাইজ করে নিতে পারবে। অর্থাত্ একই ব্যক্তি একাধিক অ্যাপল ডিভাইসে সিরি ব্যবহার করলে প্রতিটি ডিভাইসেই সে ওই ব্যক্তির ব্যক্তিগত সহকারী হিসেবেই কাজ করে যাবে। ম্যাকে ব্যবহারের ক্ষেত্রে ভয়েস অ্যাসিস্ট্যান্স ছাড়াও এটি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ব্যবহার করতে পারে বলেও জানা গেছে।