সন্ত্রাসবাদের ‘প্রক্সি যুদ্ধ’ চালিয়ে যাচ্ছে পাকিস্তান :মোদী

আপডেট : ১২ আগস্ট ২০১৪, ২০:৪৮
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পাকিস্তান প্রচলিত পদ্ধতিতে যুদ্ধ করার সক্ষমতা হারিয়ে ফেলেছে। তাই তারা এখন সন্ত্রাসবাদের ‘প্রক্সি যুদ্ধ’ চালিয়ে যাচ্ছে। গতকাল মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সফরকালে লেহ এলাকায় সৈন্যদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন। গত ১৫ বছরের মধ্যে এই প্রথম ভারতীয় কোন প্রধানমন্ত্রী বিশ্বের সবচেয়ে যুদ্ধবহুল এলাকা বলে পরিচিত স্থানটিতে সফর করলেন। পাকিস্তানের এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে মোদী বলেন, আমরা এ বিষয়গুলোকে কখনোই মেনে নিতে পারি না। তিনি বলেন, তারা এখন সন্ত্রাসবাদের প্রক্সি যুদ্ধে অবতীর্ণ হয়েছে। তাদেরকে অবশ্যই এ পথ পরিহার করতে হবে। মোদীর মন্তব্য এমন সময়ে আসলো যখন কাশ্মীর সীমান্তে দুই দেশের মধ্যে সোমবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ উত্থাপিত হয়েছে। আগামী অক্টোবরে জন্মু কাশ্মীরে পরবর্তী সরকার গঠনের বিষয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আশা করা হচ্ছে প্রধানমন্ত্রীর দল এখানে জয়লাভ করতে পারবে। লেহ এর পর লাদাখে এক অনুষ্ঠানে মোদী বলেন, একটা সময় ছিল এখানে প্রধানমন্ত্রীরা আসতেন না। আমি এ নিয়ে দুইবার এখানে এসেছি। আপনাদের ভালবাসাই আমাকে আপনাদের কাছে টেনে এনেছে। আশা করি এ অগ্রযাত্রা সবসময়ই অক্ষুণ্ন থাকবে। এরপর তিনি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের কারগিল অংশে সফর করেন। এদিকে মোদীর কাশ্মীর সফরের আগে স্বাধীনতাকামীদের হামলায় সাত বিএসএফ জওয়ান নিহত হয়েছে। মঙ্গলবার ভোরে শ্রীনগর থেকে ১৪ কিলোমিটার দূরে পামপোর শহরে বিএসএফ-এর কনভয় পৌঁছলে তাদের উপর হামলা চালায় স্বাধীনতাকামীরা। মোদীর কারগিল ও সিয়াচেন সফরের ঘণ্টাখানেক আগে এ ঘটনা ঘটে।