রাজধানীর বেইলী রোডে বাংলাদেশ গার্ল গাইডস-এর জায়গায় গড়ে ওঠা সামাজিক শিক্ষাকেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় অন্যত্র সরিয়ে নেয়ার বিষয়ে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেননি আপিল বিভাগের চেম্বার জজ আদালত। হাইকোর্টের রায় স্থগিত করার জন্য গতকাল মঙ্গলবার আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। অবকাশকালীন চেম্বার বিচারপতি নাজমুন আরা সুলতানা আবেদনটি নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। আগামী ৭ সেপ্টেম্বর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। গতকাল আদালতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও গার্লস গাইডস-এর পক্ষে এ্যাডভোকেট মো. মুনসুরুল হক চৌধুরী শুনানি করেন।
সামাজিক শিক্ষাকেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়টি গার্ল গাইডস অভ্যন্তর থেকে সরিয়ে নিতে ঐ স্কুল কর্তৃপক্ষকে ২০০২ সালের ২৪ জুলাই নির্দেশ দেয় প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ। একইসঙ্গে বিদ্যালয়টিকে রমনার পার্শ্ববর্তী (বর্তমানে পল্টন এলাকায়) নিধু স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে একীভূত করতে বলা হয়। এ আদেশের পরও একইস্থানে স্কুলটি পরিচালিত হতে থাকে। পরবর্তীতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ঐ আদেশ বাতিল করে ২০০৮ সালের ৭ ফেব্রুয়ারি পৃথক একটি চিঠি দেয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দ্বিতীয়দফার আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে ঐ বছরই বাংলাদেশ গার্ল গাইডস হাইকোর্টে রিট আবেদন করে। এ রিট আবেদনের উপর প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করেন। রুলে স্কুল স্থানান্তরের আদেশ বাতিল করে দেয়া আদেশটি কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। এ রুলের উপর শুনানি শেষে হাইকোর্ট গত ২০ ফেব্রুয়ারি রায় দেন। রায়ে মন্ত্রণালয়ের দ্বিতীয় দফার আদেশ অবৈধ ও বেআইনি বলা হয়। এ রায় পাওয়ার পর কয়েকদিন আগে স্কুলটি ভেঙ্গে দেয় গার্লস গাইডস।
