যশোরে সুবিধা বঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে পাঁচ টাকায় ঈদের নতুন পোশাক দেওয়ার উদ্যোগ নিয়েছে ‘ফোঁড়’ নামে যশোরের একটি ফ্যাশন হাউজ। সকাল ১০টা থেকে শহরের পৌর উদ্যানে প্রতিষ্ঠানটি তাদের দোকানের পণ্য বিক্রি করেছে এ অঞ্চলের সুবিধা বঞ্চিত শিশুদের কাছে।
বিক্রি করা হয় দুই থেকে ১৪ বছরের শিশুদের ফ্রক, সালোয়ার কামিজ, টপস, পাঞ্জাবি ও পায়জামা। দামি এসব পোশাক নামমাত্র দামে কিনতে পেরে খুশি সুবিধা বঞ্চিত শিশু ও তাদের অভিভাবক।
৫ টাকা দিয়ে নতুন জামা কিনেছে যশোর শহরের শংকরপুর এলাকার চতুর্থ শ্রেণির ছাত্রী লিমা, প্রথম শ্রেণিতে পড়ুয়া আরাফাত। নিজে পছন্দমত জামা পেয়ে খুশির ঝিলিক দেখা যায় তাদের চোখে-মুখে।
আগে আসলে আগে পাবে ভিত্তিতে সকাল ১০টা থেকে শুরু হওয়া এ কেনাবেচা দুপুরে শেষ হয়। এ সময়ের মধ্যে সুবিধা বঞ্চিত শিশুসহ বয়স্করা চারশ নতুন পোশাক কেনে। পোশাক বিক্রি থেকে প্রাপ্ত টাকা পরে সেখানে আগত দরিদ্র মানুষের মাঝে বণ্টন করা হয়।
আরও পড়ুন: ঈদের ছুটিতে বেনাপোলে পর্যটকদের ঢল
ফোঁড় ফ্যাশন হাউজের সত্ত্বাধিকারী মামুনুর রশীদ বলেন, শিশুরা যাতে এই পোশাক গুলো দান মনে না করে তার জন্য মূল্য নির্ধারণ করেছি। এতে করে তাদের অংশীদারিত্ব থেকে যায়; তারা হীনমন্যতায় ভুগবে না। সাধ্য অনুযায়ী উৎসবটিকে কিছু মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার এই প্রয়াসে স্বস্তি রয়েছে। আগামীতে এ ধরনের উদ্যোগ নেওয়া হবে।
ইত্তেফাক/অনি
