গাড়ি ভাংচুর, হত্যা চেষ্টার একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির ২৯ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়েছে। আগামী ৩০ অক্টোবর ফের শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।
চলতি বছরের গত ১৪ মে এ মামলায় অভিযোগপত্র দাখিলের পর মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় বদলীমূলে ঢাকার ২ নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম (এসিএমএম) এর আদালতে পাঠানো হয়।
সোমবার ওই আদালতে মামলাটির অভিযোগ গঠন শুনানির জন্য প্রথম দিন ধার্য ছিল। মির্জা ফখরুল ছাড়া বিএনপি’র উল্লেখযোগ্য নেতাদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, মোয়াজ্জেম হোসেন আলাল, মীর শরাফত আলী সপু, হাবিব উন নবী খান সোহেল, শফিউল বারী বাবু, এস এম জাহাঙ্গীর হোসেন, রফিকুল আলম মজনু, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, হাবিবুর রশিদ হাবিব, সুলতান সালাউদ্দিন আহমেদ টুকুসহ অন্যরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার আসামি মির্জা ফখরুলসহ ২৮ জনের পক্ষে পূর্বশর্তে চাওয়া হয়। এছাড়া বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আদালতে হাজির হতে না পারায় তার পক্ষে সময়ের আবেদন করা হয়।
শুনানি শেষে সংশ্লিষ্ট আদালতের বিচারক আলী মাসুদ শেখ আসামিদের জামিন মঞ্জুর করেন। একইসঙ্গে এ্যানির পক্ষে সময়ের আবেদন মঞ্জুর করেন।
