বিশ্বকাপ ব্যর্থতা
ইংল্যান্ড কোচ রয় হজসন ব্রাজিল বিশ্বকাপে তার দল ইংল্যান্ডের আগাম বিদায়ে এখনো প্রচণ্ড হতাশ। তারপরও তিনি পরবর্তী লক্ষ্য হিসাবে ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপের দিকে মনোযোগী হচ্ছেন।
হজসনের দল বিশ্বকাপের গ্রুপ পর্বে কোস্টারিকার সঙ্গে গোলশূন্য ড্রয়ের আগে দুটি ম্যাচেই ইতালি এবং উরুগুয়ের কাছে ২-১ ব্যবধানে পরাস্ত হয়েছিল। টানা ব্যর্থতায় ‘ডি’ গ্রুপের তলানিতে থেকেই শেষ হয় ইংল্যান্ডের বিশ্বকাপ।
বিশ্বকাপ শেষ হওয়ার প্রায় দু’মাস পর স্কাই স্পোর্টসকে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘এখনো এটা বড় মারাত্মক হতাশা হিসাবে কাজ করছে। এখনো বড় ধরনের হতাশা অনুভব করি। কারণ আমাদের প্রস্তুতি অনেক ভাল ছিল। আমি মনে করি খেলোয়াড়রাও অনেক সংকল্পবব্ধ ছিল এবং অনেক ভাল করার ব্যাপারে প্রত্যেকেই খুবই দৃঢ়প্রতিজ্ঞ ছিল। সত্যি বলতে আমাদের বিশ্বাস ছিল, আমরা পারবো।’
হজসন আরো বলেন, ‘প্রথম ম্যাচে আমরা হেরে গেলাম। আমার মতে, কিছুটা দুর্ভাগ্যের জন্য আমরা ম্যাচটিতে হেরে গিয়েছিলাম। নিশ্চিতভাবে আমরা যথেষ্ট ভাল খেলেছিলাম এবং আরো কিছু প্রত্যাশা করেছিলাম। দুঃখের বিষয়, দ্বিতীয় ম্যাচটিও আমরা পর্যালোচনা করে দেখেছি, ওটাতেও সবকিছু ভালই চলছিল। আমরাও আমাদের মতো চালিয়ে নিচ্ছিলাম। কিন্তু দ্বিতীয়ার্ধে আমাদের একটি বাজে গোল হজম করতে হয়। কিছুটা খেয়ালি প্রকৃতির গোল ছিল এটি। মনে হয়েছিল, আমরা টুর্নামেন্ট শুরুই করতে পারিনি। অথচ এর আগেই দু’টি ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়তে হয়েছিল। এটা আমাদের জন্য তিক্ত আঘাত ছিল এবং এটা থেকে বেরিয়ে আসতে আমাদের আরো দু’মাস সময় লেগে যেতে পারে।’
ইংলিশ এই কোচ বলেন, ‘আমাদের অনেককিছুই পুনর্গঠন করতে হবে, কেবল দল পুনর্গঠনের জন্যই নয়, মানুষ আমাদের প্রতি যে বিশ্বাস দেখিয়েছে সেটিও। আমরা অনুভব করতে পেরেছিলাম, জনগণ আমাদের পেছনে ছিল এবং আমাদের পছন্দ করেছিল। তাদের বিশ্বাস ছিল এটা আমাদের জন্য ভাল একটি টুর্নামেন্ট হবে। যদিও আমাদের জন্য এটা বাজে একটি টুর্নামেন্টে পরিণত হয়েছে।’
হজসনের নজর এখন ২০১৬ সালের ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপের দিকে। এ ব্যাপারে তিনি বলেন, ‘বিশ্বকাপে ব্যর্থতার ফলে আমাদের এখন ২০১৬ সালের ইউরোর দিকে তাকিয়ে থাকতে হবে। এটা নিশ্চিত করে বলতে চাই যে, আমরা এমনটা পুনরায় আর ঘটতে দিতে চাই না এবং আশা করছি আমাদের ভাগ্যের এমন ঘাটতিও হবে না, যেমনটা আমরা বিশ্বকাপে ভুগেছি।’
ব্রাজিল বিশ্বকাপে ইংল্যান্ডকে নেতৃত্ব দেয়া স্টিভেন জেরার্ড গত মাসে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন। তবে হজসন জানালেন, কোচিংয়ের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কোনো পরিকল্পনা তার ছিল না।—টেন স্পোর্টস।
