ক্লাব ছাড়ছেন বিপ্লব

আপডেট : ১২ আগস্ট ২০১৪, ২১:৫৬
অনেক দিন ধরেই দল ছাড়বেন বলে শোনা যাচ্ছিল। এবার সে পথেই যাচ্ছেন শেখ রাসেল ক্রীড়া চক্রের গোলকিপার বিপ্লব ভট্টাচার্য্য। নতুন দলের আমন্ত্রণ বিপ্লবের হাতে রয়েছে। একাধিক ক্লাবের আমন্ত্রণ পেলেও নতুন ঠিকানা চূড়ান্ত করেননি শেখ রাসেলের অধিনায়ক বিপ্লব। তবে এটা প্রায় চূড়ান্ত, দল ছাড়ছেন তিনি। শেখ রাসেলের একটি সূত্র বলছে বিপ্লব গতকাল তার ক্লাব কর্মকর্তাদের জানিয়ে দিয়েছেন তিনি খেলবেন না। গতবারের ট্রেবল জয়ী শেখ রাসেলের গোলপোস্টের দায়িত্ব ছেড়ে দিতে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। বিপ্লব এখন নতুন ক্লাবের বড় অংকের আমন্ত্রণ নিয়ে পরিবারের সাথে কথা বলছেন। পরিবারের সিদ্ধান্তে গুরুত্ব দিতে চান। নতুন মৌসুমের ক্লাবের নাম জানতে চাইলে বিপ্লব কোনো কথা বলেননি। জানিয়েছেন, ‘আমি সিদ্ধান্ত নেইনি।’ শেখ রাসেলে না খেলতে চাইলেও বিপ্লব হয় তো শ্রীলংকায় অনুষ্ঠিতব্য এএফসি প্রেসিডেন্ট কাপ ফুটবলে খেলবেন। বিপ্লব এখন এশিয়ান গেমস ফুটবল দলের প্রশিক্ষণ ক্যাম্পে গোলকিপিং কোচের দায়িত্ব পালন করছেন। শেখ রাসেল ক্রীড়া চক্র এরই মধ্যে নাকি দল গুছিয়ে ফেলেছে। ক্লাবের অন্য একটি সূত্র মতে মোহামেডান আবাহনীর ফুটবলারদের নিয়েছে শেখ রাসেল। পছন্দের খেলোয়াড়দের আগাম পারিশ্রমিকও দিয়েছে ক্লাব কর্মকর্তারা। জাহিদ, এমিলি, রেজাউল, জামাল, তপু বর্মণ, হেমন্ত, মিশু, ওয়ালী ফয়সাল, শাহেদ, প্রমুখ ফুটবলার আগাম অর্থ নিয়েছেন বলে শোনা যাচ্ছে।