কারিনা কাপুর বিয়ের পরেও অভিনয় জগতে রয়েছেন। তবে আজকাল তাকে খুব কম দেখা যাচ্ছে রুপালি পর্দায়। সর্বশেষ কারিনা অভিনীত ছবিটি মুক্তি পেয়েছিল গত বছরের নভেম্বর মাসে। দীর্ঘ প্রায় আট মাস পর তাকে আবার দেখা যাবে নতুন সিনেমা ‘সিংহাম টু’তে। বলিউডের শীর্ষ নায়িকাদের ইঁদুর দৌড় থেকে ছিটকে পড়লেও কারিনা এখনও নিজেকে আগের মতো ভাবতে চাইছেন। যদিও বাস্তব অবস্থা তার ক্যারিয়ারের জন্য অনুকূল নয়। গত বেশ কয়েক বছর ধরে তার অভিনীত কোনো ছবিই প্রত্যাশিত সাফল্য অর্জন করতে পারেনি। এবার কারিনা তার প্রত্যাশিত সাফল্য পাবেন—তেমন ধারণা করছেন অনেকেই। কারিনা কাপুরের ক্যারিয়ারের সাম্প্রতিক চিত্র তুলে ধরেছেন রেজাউল করিম খোকন
কারিনা কাপুর বলিউডি আছেন ১৪ বছর হয়ে গেল। এখন তার বয়স ৩৩ চলছে। ‘রিফিউজি’ ছবির মাধ্যমে যখন তিনি অভিনয় জীবন শুরু করেছিলেন তখন তার বয়স ছিল ১৯। গত ১৪ বছরে ম্যালা ছবিতে অভিনয় করেছেন বলিউডের বিখ্যাত কাপুর খান্দানের মেয়েটি। ধাপে ধাপে নিজেকে উন্নীত করেছেন হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির শীর্ষ তারকা অভিনেত্রীর উজ্জ্বল অবস্থানে। একটা সময় পর্দা দাপিয়ে বেরিয়েছেন কারিনা তার চোখ ধাঁধানো অভিনয় আর সৌন্দর্য দিয়ে। ‘চামেলি’, ‘ওমকারা’, ‘এতরাজ’, ‘বডিগার্ড’, ‘জব উই মিট’, ‘রাওয়ান’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘থ্রি ইডিয়টস’—সব ছবিতেই ছিল কারিনার জয়জয়কার। তখন বলিউডের কাঙ্ক্ষিত অভিনেত্রী হিসেবে তার চাহিদা ছিল তুঙ্গে। অভিনীত ছবিগুলোতে নানা রূপে বিচিত্র চরিত্রে নিজেকে উপস্থাপন করেছেন তিনি। মেধা ও যোগ্যতার বিকাশ ঘটেছে তার এভাবে। সু-অভিনেত্রীর পাশাপাশি গ্ল্যামারাস নায়িকা হিসেবেও কারিনা তার পরিচিতির সমৃদ্ধি ঘটিয়েছেন। বলিউডের শীর্ষ জনপ্রিয় প্রায় সব অভিনেতার সঙ্গে সফল পর্দা জুটি গড়েছেন তিনি। ক্যারিয়ারের ধারাবাহিক সাফল্যের গতি হঠাত্ করেই যেন থমকে গেছে। গত বছর কারিনা অভিনীত ‘সত্যগ্রহ’ এবং ‘গোরি তেরে পেয়ার মে’ ছবি দুটি মুক্তি পায়। অভিনীত দুটি ছবিতেই তার পারফর্মেন্স সন্তোষজনক হলেও দর্শক সেভাবে গ্রহণ করেনি ছবিগুলো, বক্স অফিসে সাফল্যের চমক দেখাতে পারেনি। আজকাল বলিউডে শত কোটি রুপি ব্যবসা করা ছবির জোয়ার চলছে। নতুন প্রজন্মের অভিনেত্রী শ্রদ্ধা কাপুর, আলিয়া ভাট, পরিণীতি চোপড়ারা সাফল্যের নতুন নতুন রেকর্ড গড়ছেন। দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ, প্রিয়াঙ্কা চোপড়া, কঙ্গনা রানাওত, আনুশকা শর্মা, সোনাক্ষি সিনহাদের দোর্দণ্ড দাপট খুব সহজেই চোখে পড়ছে। সেই তুলনায় কারিনা কেমন যেন ঝিমিয়ে পড়েছেন। সমসাময়িক অন্যান্য নায়িকাদের তুলনায় বেশ অনেকটা পিছিয়ে পড়েছেন তিনি। ২০১২ সালে সাইফ আলি খানকে বিয়ের আগে থেকেই কারিনার ক্যারিয়ারে ধস নামা শুরু হয়েছে। অভিনীত ছবিগুলোতে নিজেকে সর্বোচ্চভাবে তুলে ধরার পরেও বিনিময়ে প্রত্যাশিত সাফল্য অর্জনে ব্যর্থ হচ্ছেন বারবার। ‘হিরোইন, ‘তালাশ’, ‘এক ম্যায় আউর এক তু’ প্রভৃতি ছবিতে ভালো অভিনয় করলেও কারিনা তেমন সাড়া জাগাতে পারেননি। দর্শক তাকে আগের মতো আর সাদরে গ্রহণ করছেন না—এটা খুব সহজেই চোখে পড়ছে। নামের শেষে ‘খান’ পদবি যোগ হওয়ার পর থেকেই যেন কুফা লেগেছে কারিনার ক্যারিয়ারে। তার ঝিমিয়ে পড়া অবস্থা নিয়ে আজকাল নানা জনে নানা কথা বলছেন। তবে সম্প্রতি তিনি এসব বিষয়ে খোলামেলাভাবে কিছু কথা বলেছেন। তার ক্যারিয়ারে শ্লথ গতিটাকে ‘ঝিমিয়ে পড়া’ বলতে নারাজ কারিনা। এ বিষয়ে তার বক্তব্য হলো, ‘আমার আগের মতো সাহস নেই। নিজের মেধাকে অনেকভাবে প্রমাণ করেছি বিভিন্ন ছবিতে। আর প্রয়োজন নেই। আমি এখন আমার ভালোলাগা থেকেই কাজ করতে চাই, ভেবেচিন্তে এগোচ্ছি, বেছে বেছে অভিনয় করছি বলেই আজকাল আগের মতো ব্যস্ত নই আমি।’ মুক্তি প্রতীক্ষিত ‘সিংহাম টু’ ছবিতে অজয় দেবগনের বিপরীতে অভিনয় করেছেন কারিনা। এর আগে ‘ওমকারা’, ‘গোলমাল রিটার্নস’, ‘গোলমাল থ্রি’, ‘সত্যগ্রহ’ ছবিগুলোতে দর্শক বেশ ভালোভাবে গ্রহণ করেছে তাদের। এ ছাড়াও পরিচালক রোহিত শেঠির ‘গোলমাল রিটার্নস’ ও ‘গোলমাল থ্রি’ ছবিতে নায়ক অজয় দেবগন ও পরিচালক রোহিত শেঠির সঙ্গে তার পুরোনো জুটি আবারও সাফল্যের বড় ধরনের চমক দেখাবে বলে প্রত্যাশা করছেন কারিনা। গত বেশ কয়েক মাসে অনেকগুলো নতুন ছবিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়ে অবাক করেছেন তিনি। ব্যস্ততা কমে যাওয়ার পরেও কারিনা বিভিন্ন ছবিতে অভিনয়ের অফার ফিরিয়ে দিছেন কেন—তেমন প্রশ্ন জেগেছে। এ প্রেক্ষিতে কারিনা কাপুর বলেন, ‘আমি অনেক ছবির স্ক্রিপ্ট পাই এবং সেগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়ি। এটা আমার স্বভাব। একজন অভিনেত্রী হিসেবে কোনো ছবিতে অভিনয় করা, না করার অধিকার রয়েছে আমার। এখন আর কোনো ছবিতে অভিনয়ের মাধ্যমে নিজের যোগ্যতা প্রমাণের অবস্থা নেই আমার, কোনো চরিত্রে অভিনয়ে লজ্জা পাওয়া কিংবা বিব্রত হওয়ারও কিছু নেই। এই বয়সে আমার ব্যক্তিত্ব এবং নিজস্ব পছন্দের সঙ্গে মানানসই হলেই কেবল আমি সেই ছবিতে অভিনয়ে রাজি হচ্ছি। এর বাইরে নয়।’ অভিনেতা স্বামী সাইফ আলি খানের সঙ্গে আপাতত কোনো ছবিতে অভিনয় করছেন না কারিনা। বাস্তব জীবনের সফল প্রেমিক-প্রেমিকা জুটি হিসেবে বিবেচিত হলেও সিনেমার পর্দায় জুটি হিসেবে সাইফ-কারিনা বরাবরই ব্যর্থতার প্রমাণ দিয়েছেন। এজন্য কারিনা ছবিগুলোর গল্প ও চিত্রনাট্যের ত্রুটিকে দায়ী করেন। তিনি বলেন, ‘ছবির গল্পে সমস্যা ছিল বলেই আমাদের দুজনের রসায়ন হয়নি।’ ১৪ বছরের অভিনয় জীবনে ৪২টি ছবিতে অভিনয় করেছেন কারিনা। তার অভিনীত চারটি ছবি ১০০ কোটি রুপিরও বেশি ব্যবসা করেছে। এবার ‘সিংহাম টু’ ছবিটিও ১০০ কোটি রুপি ক্লাবে অনায়াসে প্রবেশ করবে বলে ধারণা করছেন কারিনা। আর এ মাধ্যমে ক্যারিয়ারে নতুন করে জোয়ার সৃষ্টি হবে বলে প্রত্যাশা তার। সালমান খানের সঙ্গে ছবিতে অভিনয় করতে নতুন ছবি ‘বজরঙ্গী ভাইজান’-এ অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন কারিনা। আগামী ২০১৫ সালের ঈদে ছবিটি মুক্তি পাবে।
