অবশেষে গুঞ্জনের অবসান হলো। দীর্ঘদিন মাদকাসক্ত থাকার পর পারিবারিক শাসনে প্রায় গৃহবন্দী ছিলেন। অতঃপর পছন্দের পাত্রের সাথে উভয় পরিবারের সম্মতিক্রমেই বিয়ে হলো দেশের এই শীর্ষ মডেলের। ভালোবেসে বিয়ে করলেন মডেল-অভিনেত্রী সারিকা। বিয়েটা অবশ্য আগেই হয়েছিল। তবে আনুষ্ঠানিকতার খবরেই মিডিয়ায় চাউর হলো সব। গত ১২ আগস্ট রাতে ঘরোয়া আয়োজনে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পাত্রের নাম মাহিন করিম। তিনি পেশায় ব্যবসায়ী। বিয়ের অনুষ্ঠান হয়েছে উত্তরায় মাহিম করিমের বাসায়। এ সময় দুই পরিবারের সদস্যরাই শুধু ছিলেন। ফেসবুক পেজে নিজের প্রোফাইলে বরের সঙ্গে তোলা একটি ছবি দিয়েছেন সারিকা। সংবাদমাধ্যমকে বিয়ের খবর জানাতে সারিকা রাজধানীর বনানীর একটি অভিজাত স্থানে আমন্ত্রণ জানিয়েছেন। সেখানে ১৩ আগস্ট বিকেলে সাংবাদিকদের সঙ্গে দেখা করেন তিনি। দীর্ঘদিন ধরে অভিনয়ে নেই সারিকা। মিডিয়ার সবার সঙ্গেই যোগাযোগ কমিয়ে দিয়েছেন। অনেকটা স্বেচ্ছা নির্বাসন বেছে নিয়েছেন বলা যায়। গেল রোজার ঈদে এনটিভিতে প্রচারিত হয় অপূর্বের পরিচালনায় সারিকার টেলিছবি ‘ব্যাকডেটেড’। এদিকে সারিকার বিয়ের খবরে সজল, তানিয়া, শখ, ফেরদৌস থেকে শুরু করে একাধিক মিডিয়াকর্মী নিজেদের ফেসবুকসহ ফোনে অভিনন্দন জানান।
