জনগণকে শান্ত থাকার আহ্বান ওবামার

আপডেট : ১৩ আগস্ট ২০১৪, ২১:৪২
কৃষ্ণাঙ্গ তরুণ হত্যা পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ কিশোর নিহত হওয়ার ঘটনায় বিশৃঙ্খলা সৃষ্টি না করে জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের ফার্গুসন এলাকায় গত দুইদিন ধরে পুলিশের সাথে জনগণের সংঘর্ষের ঘটনা ঘটে। গত শনিবার পুলিশের গুলিতে মিশেল ব্রাউন নামে এক কিশোরের মৃত্যু হয়। এ ঘটনাকে হূদয়বিদারক বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। এ ঘটনায় গত দুই রাত ধরে সেন্ট লুইস নামে এক শহরতলীতে সহিংসতায় অসংখ্য মানুষকে গ্রেপ্তার করা হয়। গত মঙ্গলবার পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ও গুলি ছুঁড়লে পুলিশও পাল্টা কাঁদুনে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। এসময় দোকানপাট লুট ও ভাঙ্গচুরের মত ঘটনাও ঘটে। এ নিয়ে বৈঠকের আয়োজন করেন ঐ অঙ্গরাজ্যের গভর্নর। বৈঠকে ফার্গুসনের মেয়র ও পুলিশ প্রধান উপস্থিত ছিলেন। এর আগে রেভারেন্ড আল শার্পটন নামে এক মানবাধিকার কর্মী ঐ এলাকার লোকজনকে অশান্ত না হতে অনুরোধ জানান। তিনি বলেন, কারো অধিকার নেই ব্রাউনের নাম নিয়ে বিক্ষোভ করা এবং এটাকে কাদার ভেতর ছুঁড়ে ফেলা। এদিকে পুলিশ বলছে, গাড়িতে থাকা অবস্থায় পুলিশের সাথে ব্রাউনের ধস্তাধস্তি হলে তার ওপর গুলি চালানো হয় এবং তিনি মারা যান। তবে এক প্রত্যক্ষদর্শী জানান, ব্রাউন তার অস্ত্র উঁচু করে ধরলে পুলিশ তার ওপর গুলি চালায়। এসময় পুলিশের সাথে তার কোন ধস্তাধস্তি হয়নি। ওদিকে কোন পুলিশ কর্মকর্তা তাকে হত্যা করেছে তার নাম জানতে প্রায় অর্ধশত বিক্ষোভকারী পুলিশ সদরদপ্তরের উদ্দেশ্যে যাত্রা করেছেন।