সুয়ারেজের আপিলের রায় আজ

আপডেট : ১৩ আগস্ট ২০১৪, ২১:৫৩
ফিফার আরোপ করা চার মাসের নিষেধাজ্ঞার বিরুদ্ধে উরুগুয়ান ফুটবল তারকা লুইস সুয়ারেজ যে আপিল করেছেন এর রায় আজ বৃহস্পতিবার। কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্টস (সিএএস) এ খবর জানিয়েছে। বিশ্বকাপের গ্রুপ পর্বে ইতালির বিপক্ষে ১-০ ব্যবধানে উরুগুয়ের জয় পাওয়ার ম্যাচে প্রতিপক্ষের ডিফেন্ডার জিওর্জিও কিয়েলিনিকে কামড় দেয়ায় ২৭ বছর বয়সী এ ফুটবলার এই শাস্তি পান। ফুটবল সংক্রান্ত সব ধরনের কার্যকলাপে চার মাসের নিষেধাজ্ঞা আরোপ করা হয় সুয়ারেজের ওপর। যদিও এই শাস্তি বেশি হয়ে গেছে বলে সুয়ারেজের পক্ষ থেকে বলা হয়। এর বিরুদ্ধে আপিলও করেন ৭ লাখ ৫০ হাজার উইরোতে বার্সেলোনায় নাম লেখানো লিভারপুলের সাবেক এই স্ট্রাইকার। সুয়ারেজের আইনজীবীদের প্রত্যাশা নিষেধাজ্ঞা চলাকালে তাকে অন্তত নতুন ক্লাব বার্সেলোনার হয়ে অনুশীলনের সুযোগ দেয়া হবে। তার এই শাস্তি কেবল আন্তর্জাতিক ফুটবলেই সীমাবদ্ধ রাখা উচিত বলেও দাবি করেছেন আইনজীবীরা। যদিও চার মাসের নিষেধাজ্ঞার পাশাপাশি সুয়ারেজের ওপর নয়টি আন্তর্জাতিক ম্যাচের নিষেধাজ্ঞাও রয়েছে।