আর্জেন্টিনার দায়িত্বে মার্টিনো

আপডেট : ১৩ আগস্ট ২০১৪, ২১:৫৫
এমনটাই গুঞ্জন ছিল। আলেসান্দ্রো সাবেলা পদত্যাগ করার পরই সংবাদ মাধ্যম বলছিল, আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন আস্থা রাখবে বার্সেলোনার গত মৌসুমের কোচ জেরার্ডো মার্টিনোর ওপর। তাই হয়েছে। আর্জেন্টিনা ফুটবল দলের নতুন কোচ হিসেবে জেরার্ডো মার্টিনোর নাম ঘোষণা করা হয়েছে বুধবার। তিনি আলেসান্দ্রো সাবেলার স্থলাভিষিক্ত হবেন। জুলাই মাসে ব্রাজিল বিশ্বকাপের ফাইনালের ফাইনালে জার্মানির বিপক্ষে ১-০ ব্যবধানে আর্জেন্টিনা হেরে যাওয়ার পর কোচের পদ থেকে সরে দাঁড়ান সাবেলা। অবশ্য ‘টাটা মার্টিনো’ ছাড়াও নতুন কোচের তালিকায় বেশ ক’জনের নামই শোনা যাচ্ছিল। এরমধ্যে গত বছর স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার হয়ে শিরোপাহীন একটি মৌসুম শেষ করা ৫১ বছর বয়সী মার্টিনোকেই বেছে নিল আর্জেন্টিনিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। মার্টিনোকে কোচ হিসেবে নিয়োগ দেয়ার ব্যাপারে এএফএ’র ওয়েবসাইটে বলা হয়েছে, ‘কোচ জেরার্ডো ড্যানিয়েল মার্টিনো জাতীয় দলের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে বৃহস্পতিবার দায়িত্ব গ্রহণ করবেন। তিনি আলেসান্দ্রো সাবেলার স্থলাভিষিক্ত হবেন, বিশ্বকাপ শেষ হওয়ার পর পরই যার সঙ্গে এএফএ’র চুক্তি শেষ হয়ে গেছে।’ আর্জেন্টিনার নতুন কোচ মার্টিনোর প্রথম লক্ষ্যই হবে আগামী বছর চিলিতে অনুষ্ঠিত হতে যাওয়া কোপা আমেরিকা কাপ। নিজেদের মাঠে অনুষ্ঠিত ২০১১ সালে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে ব্যর্থ হয় আর্জেন্টিনা। ঐ ব্যর্থতার পরই সাবেলা দলটির কোচের চেয়ারে বসেন এবং তার তত্ত্বাবধানেই ১৯৯০ সালের পর এই প্রথম বিশ্বকাপে ফাইনাল খেলেছে আর্জেন্টাইনরা। অতিরিক্ত সময়ে ম্যারিও গোটসে পার্থক্য গড়ে দেয়া এবারের বিশ্বকাপের ফাইনালটি চরম প্রতিযোগিতাপূর্ণ করে তুলেছিল আর্জেন্টিনা। শিরোপা জিতাতে না পারলে দলের এই অর্জনে দারুণভাবে প্রশংসিত হন কোচ সাবেলা। এএফএ ২০১৮ সাল পর্যন্ত দায়িত্ব চালিয়ে যাওয়ার প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করেন সাবেলা। সম্মান নিয়েই দায়িত্ব থেকে সরে দাঁড়ান তিনি। তার উত্তরসুরি মার্টিনোর কোচিং ক্যারিয়ারও বেশ সমৃদ্ধ। ২০০৬-২০১১ পর্যন্ত প্যারাগুয়ের কোচের দায়িত্ব পালন করেন তিনি। তার তত্ত্বাবধানেই ২০১০ সালের বিশ্বকাপে প্যারাগুয়ে কোয়ার্টার ফাইনাল খেলে। পরের বছর প্যারাগুয়ে কোপা আমেরিকার ফাইনাল জিতলে দারুণভাবে প্রশংসিত হন টাটা মার্টিনো। সাবেলা আর আর্জেন্টিনা দলের দায়িত্ব পালন করছেন না— এমনটা শোনার পর পরই মার্টিনোর সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা নেন এএফএ’র প্রেসিডেন্ট জুলিও গ্রন্দোনা। এমন অবস্থায় ৩০ জুলাই হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হঠাত্ই মারা যান তিনি। এএফএর নতুন প্রেসিডেন্টের দায়িত্বে আসেন ভাইস প্রেসিডেন্ট লুইস সেগুরা। এসব ঘটনায় এক সপ্তাহের বেশি সময় নতুন কোচ নিয়োগ দেয়ার বিষয়টা পিছিয়ে যায়। কিছুটা দেরি হলেও গ্রন্দোনাভক্ত মার্টিনোই আজেন্টিনার কোচ হিসেবে নিয়োগ পেলেন। এ ক্ষেত্রে বার্সার হয়ে অধিনায়ক লিওনলেন মেসি ও মিডফিল্ডার মাশেরানোকে কোচিং করানোর তার অভিজ্ঞতাটা দেখা হয়েছে। মার্টিনোর সঙ্গে এএফএ’র চুক্তিটা হবে ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপ পর্যন্ত। আজ আর্জেন্টিনার কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে হাজির করানো হবে তাকে। এ ব্যাপারে এএফএ’র নব নিযুক্ত প্রেসিডেন্ট সেগুরা বলেন, ‘গ্রন্দোনা জীবিত থাকাকালেই তাকে কোচ হিসেবে নেয়ার সিদ্ধান্ত হয়েছিল। আমি মনে করি সর্বসম্মতি ক্রমেই এ সিদ্ধান্ত হয়েছে। তার সঙ্গে চুক্তিটা পরবর্তী বিশ্বকাপ পর্যন্ত হবে।’ খেলোয়াড় হিসেবেও মার্টিনোর ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। খেলোয়াড়ি ক্যারিয়ারের সিংহভাগ সময়ই কাটিয়েছেন নিউয়েলস ওল্ড বয়েসের হয়ে। ঐ ক্লাবে কোচ মার্সেলো বিয়েলসার শিষ্যত্বও পেয়েছিলেন তিনি। বার্সেলোনার হয়েও পাঁচটি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার। তবে জাতীয় দল আর্জেন্টিনার হয়ে একটি ম্যাচ খেলা মার্টিনো ১৯৯৭ সালে খেলোয়াড়ি ক্যারিয়ারে ইতি টানেন।—এএফপি, সুপার স্পোর্টস, দ্য মেইল।