পিয়েতের স্বপ্নীল অভিষেক

আপডেট : ১৩ আগস্ট ২০১৪, ২১:৫৫
স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে ৯ উইকেটের সহজ জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। বুধবারই ফল নির্ধারণ হয়ে যাওয়া এই টেস্টে রীতিমত চমক দেখিয়েছেন প্রোটিয়া টেস্ট দলের নতুন মুখ অফ-স্পিনার ড্যান পিয়েত। অভিষেক টেস্টের প্রথম ইনিংসে চার উইকেট নেয়ার পর, দ্বিতীয় ইনিংসেও নিলেন চার উইকেট! ম্যাচ সেরার পুরস্কারটাও ওঠলো তারই হাতে! মোট আট উইকেট নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের অভিষেকটা স্মরণীয় করে রাখলেন তিনি। হারারেতে অনুষ্ঠিত ওই টেস্টে বেশ ভালভাবেই ১০টি সেশন পারি দিয়েছিল জিম্বাবুয়ে। কিন্তু বুধবার টেস্টের চতুর্থ দিনই ঘটে বিপত্তি। মধ্যাহ্ন ভোজের বিরতির পর পরই প্রোটিয়া বোলারদের রিভার্স সুইং এবং টার্নের বিরুদ্ধে উইকেটে আর টিকিয়ে রাখতে পারেনি স্বাগতিক দলের ব্যাটসম্যানরা। অল্প সময়ের মধ্যে ৮৩ রানে অবশিষ্ট আট উইকেট হারিয়ে ফেললে ১৮১ রানেই থেমে যায় জিম্বাবুয়ের ইনিংসের রানের চাকা। ২৫ ওভার বল করে ৬২ রানের খরচায় সর্বোচ্চ চারটি উইকেট নেন পিয়েত। তিনটি করে উইকেট নেন মরনে মরকেল এবং ডেল স্টেইন। দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল ৪১ রানের। এক উইকেট হারিয়েই এই লক্ষ্যে পৌঁছে যায় হাশিম আমলার দল। খেলা শেষে নিজের ‘স্বপ্নীল’ অভিষেক নিয়ে পিয়েত বলেন, ‘ম্যাচ শুরুর আগে আমি ক্লদে হেন্ডারসনের (দক্ষিণ আফ্রিকা দলের স্পিন উপদেষ্টা)। তিনি কেবল ধৈর্য ধরার কথা বলেছিলেন। উইকেটগুলোকে ধৈর্য ধরার পুরস্কার বলবো আমি।’ পিয়েতের পারফরম্যান্সের প্রশংসা করলেন অধিনায়ক আমলাও, ‘অবিশ্বাস্য রকম বল করেছে সে। উইকেটে বল অনেক টার্ন নিচ্ছিল, স্পিনাররা অনেক সহায়তা পেয়েছে। তারপরও সে দুর্দান্ত বল করেছে। সে ভাল লাইনে বল করেছে, আমি ফিল্ডিংটাও ভাল সাজিয়েছিলাম। ’ দল দু’টি এখন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে। সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে বুলাওয়েতে যথাক্রমে ১৭, ১৯ ও ২১ আগস্ট। এরপর হারাতে জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার অংশগ্রহণে একটি ত্রি-দেশীয় ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে।