ঢাকা সিটি করপোরেশন (উত্তর ও দক্ষিণ) ও এর আশপাশের এলাকায় দুই ধাপে ভোটার তালিকা হালনাগাদ করবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১ সেপ্টেম্বর থেকে এ তালিকা হালনাগাদ করার কাজ শুরু হবে। ভোটার তালিকা হালনাগাদ সমন্বয় কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরের নির্বাচন কমিশন (ইসি) সচিবলায়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ইসি সচিবালয়ের সচিব মো. সিরাজুল ইসলাম এ তথ্য জানান।
সচিব সিরাজুল ইসলাম বলেন, প্রথম ধাপে ঢাকা সিটি সংলগ্ন ১৬টি ইউনিয়ন পরিষদে ভোটার তালিকা হালনাগাদ করা শুরু হবে। ২১ থেকে ৩০ আগস্ট পর্যন্ত মোট নয় দিন এ সব এলাকায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। আর যাদের তথ্য সংগ্রহ করা হবে, তাদের ছবি তোলা হবে ১ সেপ্টেম্বর থেকে।
সচিব বলেন, ঢাকা সিটি করপোরেশনের (উত্তর ও দক্ষিণ) হালনাগাদ কার্যক্রমের জন্য ১ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত তথ্য সংগ্রহ এবং ১৮ সেপ্টেম্বর থেকে ছবি তোলা হবে।
ভোটার হালনাগাদ কার্যক্রম পরিচালনার জন্য মোট দুই হাজার ছয়শ’ ৫০ জন তথ্য সংগ্রহকারী নিয়োগ দেবে ইসি এবং তাদের তত্ত্বাবধান করবে পাঁচশ ৩৬ জন সুপারভাইজার। এ কাজে সার্বিক নিরাপত্তার জন্য প্রত্যেক তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাদের ইসি থেকে পরিচয়পত্র দেয়া হবে। এতে করে নাগরিকরা সহজেই ইসির নিয়োজিত তথ্য সংগ্রহকারীদের চিনতে পারবেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), ইউএনও, জেলা, থানা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এ কাজ তদারকি করবেন।
