গুলি করে ৪ লাখ টাকা ছিনতাই

আপডেট : ১৪ আগস্ট ২০১৪, ২১:৪৯
রাজধানীর খিলগাঁওয়ের গোড়ান এলাকায় মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের এক বিক্রয় প্রতিনিধিকে গুলি করে ৪ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গুলিতে আহত আসিফ হোসেন টুটুলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত টুটুল জানান, তিনি গতকাল সকাল থেকে গোড়ান এলাকায় বিকাশ এজেন্টদের কাছ থেকে টাকা সংগ্রহ করেন। এরপর দুপুর আড়াইটার দিকে তিনি চার লাখ টাকা নিয়ে হেঁটে গোড়ান টেম্পো স্ট্যান্ডে যাচ্ছিলেন। সেখানে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের একটি কার্যালয় রয়েছে। কিন্তু পৌঁছার আগেই হঠাত্ কয়েকজন ছিনতাইকারী তার পথরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা কয়েক রাউন্ড গুলি ছুঁড়লে পেটে ও পিঠে গুলিবিদ্ধ হয়ে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। এ সময় তার কাছে থাকা টাকার ব্যাগটি কেড়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে শিপন নামে এক পথচারী টুটুলকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে বিকাল সাড়ে ৪টার দিকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিত্সকরা জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার অবস্থা আশঙ্কাজনক। টুটুল গোড়ান এলাকাতেই থাকেন বলে জানা গেছে।