রাজধানীর মহাখালী থেকে জ্বালানি তেলের ট্যাঙ্কার থেকে ৫৬০ বোতল ফেন্সিডিলসহ দু’জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো অঞ্চলের সহকারী পরিচালক (উত্তর) মানজুরুল ইসলাম জানান, বুধবার সন্ধ্যায় মহাখালী এলাকা থেকে পদ্মা অয়েল কোম্পানির একটি ট্যাঙ্ক লরিতে অভিযান চালিয়ে এর ভিতর থেকে ৫৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় ঐ লরির চালক জাহাঙ্গীর ও সহযোগী রবিনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা জানায়, হিলি স্থল বন্দর থেকে ঐ ফেন্সিডিলগুলো ঢাকায় আনা হচ্ছিল।
এছাড়া কমলাপুর রেলওয়ে থানার ওসি জানান, বৃহস্পতিবার সকালে কমলাপুর স্টেশন থেকে একহাজার পিস ইয়াবাসহ শাহীন নামে একজনকে আটক করা হয়। তার বাড়ি চট্টগ্রামের হালিশহরে।
