সুপ্রিম কোর্টে জিতল আমির খানের ‘পিকে’

আপডেট : ১৫ আগস্ট ২০১৪, ১৯:৩৫
পিকের মুক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করতে অস্বীকার করল শীর্ষ আদালত। গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আর এম লোধা বলেন, ‘যদি ইচ্ছা না হয় তাহলে ছবি দেখবেন না। কিন্তু এর মধ্য জোর করে ধর্মীয় ভাবাবেগ যুক্ত করতে চেষ্টা করবেন না। এগুলো বিনোদনমূলক বিষয়। যদি এগুলো রুখতে চান, তাহলে অন্যের অধিকারে হস্তক্ষেপ করা হবে। সবকিছু ইন্টারনেটেই রয়েছে। কী লুকোবেন?’ পিকের বিরুদ্ধে মামলা করেছিল এক এনজিও। অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অ্যান্ড সোশ্যাল জাস্টিস ফ্রন্ট নামে ওই এনজিও-র বক্তব্য ছিল পিকে ছবির বেশ কিছু দৃশ্য ধর্মীয় ভাবাবেগে আঘাত হানতে পারে। সুপ্রিম কোর্ট সেই অভিযোগ খারিজ করে দিয়ে বলে, ভারতীয় সমাজ অন্তত এতটুকু পরিণত হয়েছে যে কোনটা বিনোদন আর কোনটা নয়, সেই বিষয়ের পার্থক্য বুঝতে পারে। উল্লেখ্য, আগামী ২০ আগস্ট আমির খান তার আলোচিত চলচ্চিত্র ‘পিকে’র নতুন পোস্টার উদ্বোধন করবেন। সম্প্রতি মারাঠি একটি অনুষ্ঠানে সাংবাদিকেরা তাকে নগ্নতা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘সব প্রশ্নের উত্তর ২০ তারিখের পোস্টারে রয়েছে।’