ধর্ষণের ঘটনায় জাতি আজ লজ্জিত

আপডেট : ১৫ আগস্ট ২০১৪, ২০:৪০
ভারতে সাম্প্রতিক সময়ে দেশে ব্যাপকহারে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় পুরো জাতি আজ লজ্জিত। আর এজন্য ছেলেসন্তানের কাজের দায়-দায়িত্ব নিতে তাদের পিতা-মাতাদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল শুক্রবার দেশটির রাজধানী দিল্লির রেড ফোর্টে স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন। এ টেলিভিশন ভাষণে বেশকিছু গুরুত্বপূর্ণ সামাজিক বিষয়ের ওপর আলোকপাত করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী মোদী বলেন, পিতা-মাতাদের উচিত পুত্রসন্তানকে কোনটা ভুল ও কোনটি সঠিক এ দু’য়ের মধ্যকার পার্থক্য সম্পর্কে শিক্ষা দেয়া। ধর্ষণের ঘটনা নির্মূলে সমাজ এবং পরিবারের দায়িত্ব রয়েছে বলে উল্লেখ করেন তিনি। এছাড়া এ বছর কমনওয়েলথ গেমসে ২৯ জন নারীর শিরোপা জয়ের সাফল্যকে সাধুবাদ জানান মোদী। স্বাধীনতা দিবসে দেয়া গতানুগতিক ভাষণের চেয়ে তার ভাষণটি ছিল ভিন্ন। প্রতিবছর এ দিবসে পাকিস্তানকে হুমকি দিয়ে ভাষণের রীতি প্রচলিত থাকলেও তিনি সেটি এড়িয়ে গেছেন। বরং সামাজিক সমস্যাগুলোর ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এ বক্তৃতা ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। তারা একে উজ্জীবিত ও প্রণোদনামূলক ভাষণ বলে উল্লেখ করেন। তবে তলিয়ে যেতে বসা অর্থনীতির সংস্কারের বিষয়ে কোন কিছু না বলায় মোদীর সমালোচনা করেন সমালোচকেরা। সরকার গঠনের পর এটাই মোদীর প্রথম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ।