লুইস সুয়ারেজ বার্সেলোনায় তার সতীর্থদের সঙ্গে অনুশীলন শুরু করেছেন। কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস) ফিফার দেয়া শাস্তি শিথিল করার পর, কাতালানদের সাথে এটাই ছিল সুয়ারেজের প্রথম অনুশীলন। এদিকে, মেরুদণ্ডের চোট কাটিয়ে গতকাল সকালে বার্সেলোনার অনুশীলনে যোগ দিয়েছেন আরেক তারকা নেইমারও। নতুন কোচ লুইস এনরিকের অধীনে এদিন অনুশীলন করেছেন নতুন অধিনায়ক জাভিসহ নিয়মিত একাদশের প্রায় সবাই।
সিএএস’র আদালতে শাস্তির মেয়াদ কমিয়ে আনতে না পারলেও অনুশীলনে অংশগ্রহণের অনুমতি লাভ করেছেন উরুগুয়ের তারকা ফুটবলার লুইস সুয়ারেজ। ফলে শুক্রবার বার্সেলোনায় নতুন ক্লাব সতীর্থদের সঙ্গে প্রথমবারের মত অনুশীলনে যোগ দিয়েছেন বিতর্কিত ওই স্ট্রাইকার।
ক্লাবের ওয়েবসাইটে প্রকাশিত সংক্ষিপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকালে সিউডাড ডিপোর্তিভা হোয়ান গ্যাম্পারে অনুষ্ঠিত অনুশীলনে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন সুয়ারেজ। এতে বলা হয়, ‘কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টস (সিএএস) এর বৃহস্পতিবার দেয়া নির্দেশে ফিফা প্রদত্ত শাস্তির মেয়াদ কমিয়ে না আনলেও নতুন ক্লাবের খেলোয়াড়দের সঙ্গে অনুশীলনের অনুমতি সুয়ারেজকে দেয়া হয়েছে।’
কোচ লুইস এনরিকের গভীর নজরদারীতে অনুষ্ঠিত ক্লাবের মূল দলের অনুশীলনে খুবই মনোযোগী ছিলেন সুয়ারেজ।
গত জুনে ব্রাজিল বিশ্বকাপে ইতালির বিপক্ষে ১-০ গোলে উরুগুয়ের জয়ী ম্যাচে প্রতিপক্ষের গিওর্গিও চিয়েলিনিকে কামড় দেয়ার অপরাধে মূলত সর্ব প্রকার ফুটবল কর্মকাণ্ড থেকে সুয়ারেজকে নিষিদ্ধ করেছিল ফিফা।
কিন্তু সিএএস উরুগুইয়ান এ স্ট্রাইকারকে ফুটবল অনুশীলনে ফেরার অনুমতি প্রদান করে। আদালত জানায়, ‘এ খেলোয়াড় যে কাণ্ড ঘটিয়েছে তাতে তার উপর শাস্তিকে যথার্থ মনে করছে সিএএস প্যানেল। তবে কোন স্টেডিয়ামে প্রবেশে এবং অনুশীলনে নিষিদ্ধ করাটাকে যথার্থ মনে করেনি প্যানেল।’
ফলে প্রায় আট কোটি পাউন্ডে ইংলিশ ক্লাব লিভারপুল থেকে বার্সেলোনায় যোগ দেয়া ২৭ বছর বয়সী সুয়ারেজ এখন নতুন সতীর্থদের সঙ্গে অনুশীলন করতে পারবেন। ক্লাব কিংবা ব্যক্তিগত কাজে বিভিন্ন প্রচার প্রচারণায়ও অংশ নিতে পারবেন তিনি। ২৬ অক্টোবর খেলায় ফিরতে পারবেন তিনি।
ইতোপূর্বে আরো দুইবার প্রতিপক্ষের খেলোয়াড়কে কামড় দেয়ার কারণে সুয়ারেজের বিরুদ্ধে আরোপিত শাস্তি যথার্থ মনে করছে সিএএস।
আদালতের এই রায়ের ফলে চলতি মৌসুমে বার্সেলোনার প্রথম ১১ ম্যাচে তাকে মাঠের বাইরে বসে থাকতে হচ্ছে। আর জাতীয় দলের হয়ে নয় ম্যাচের নিষিদ্ধাদেশও বহাল থাকছে। তবে সুয়ারেজকে আগামী সোমবার ন্যু ক্যাম্পে গ্যাম্পার ট্রফিসহ প্রীতি ম্যাচে খেলারও অনুমতি দেয়া হয়েছে।
শুক্রবারের এই অনুশীলন সেশনে সুয়ারেজ ছাড়াও অংশ নেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। যদিও কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইনজুরিতে পড়ার পর এখনো পর্যন্ত মাঠে নামার জন্য চিকিত্সকদের কোন ছাড়পত্র পাননি এই ব্রাজিলীয় তারকা।
অন্যদিকে, ইংলিশ জায়ান্ট আর্সেনাল থেকে দলে আসা টমাস ভারমালেন কোন শারীরিক সমস্যায় না ভুগলেও, নতুন পরিবেশের সাথে মানিয়ে নিতে তাকে আপাতত কেবল হালকা অনুশীলন করানো হয়েছে বলে জানিয়েছে কাতালান কর্তৃপক্ষ।
এলচের বিরুদ্ধে ২৪ আগস্ট ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বার্সেলোনার লা লিগা মৌসুম। ওয়েবসাইট/বাসস
