পিএসজিতেই অবসর নেবেন ইব্রাহিমোভিচ

আপডেট : ১৫ আগস্ট ২০১৪, ২১:৫৬
প্যারিস সেন্ট জার্মেইতেই (পিএসজি) পেশাদার ফুটবল থেকে অবসর নেবেন ইব্রাহিমোভিচ। এ সুইডিশ ফরোয়ার্ড জানালেন, ২০১৬ সালে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরই পেশাদার ফুটবল থেকে অবসর নিতে চান তিনি। ইতালির দল এসি মিলান থেকে ২০১২ সালে পিএসজিতে যোগ দেন ৩২ বছর বয়সী এ তারকা খেলোয়াড় এবং দলের হয়ে পর পর লীগ ওয়ানের শিরোপা জয় করেন তিনি। অবসর নেয়ার আগে আবার জুভেন্টাসে ফিরতে চান বলে- এ মাসের শুরুর দিকে গুঞ্জন উঠেছিল। তবে সে গুঞ্জনকে উড়িয়ে দিয়ে সুইডিশ এ তারকা এখন বলছেন, পিএসজিতেই নিজের ক্যারিয়ারের ইতি টানবেন তিনি। ইএসপিএনকে ইব্রাহিমোভিচ বলেন, ‘২০১৬ সাল পর্যন্ত আমার চুক্তি আছে। আগামী মৌসুমে আমার বয়স হবে ৩৪ এবং এরপর সর্বোচ্চ পর্যায়ে নিজেকে খেলা অব্যাহত রাখতে দেখছি না আমি। সম্ভবত পিএসজিতেই অবসর নেব।’ ফরাসি রাজধানীতে ইব্রাহিমোভিচের ম্যাচ জয়ী পারফরমেন্স দেখে অনেকেই মনে করছেন তাকে ছাড়া দলের অস্তিত্ব খুঁজে পাওয়া কঠিন। তবে ইব্রার মতে, পিএসজি একক খেলোয়াড় নির্ভর দল নয়। তিনি আরো বলেন, ‘পিএসজি মানেই আমি-এমনটা মনে করছি না। দল এবং দলের সতীর্থদের ছাড়া আমি কিছুই করতে পারব না। আমি খুব ভাল খেলোয়াড়দের সঙ্গে খেলছি, যারা আমাকে শ্রদ্ধা করে, আমিও তাদের শ্রদ্ধা করি। শ্রদ্ধাবোধটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রদ্ধাবোধ না থাকলে আপনি ভাল করতে পারবেন না।’ ইব্রাহিমোভিচ আরো বলেন, ‘একই লক্ষ্য ও উদ্দেশ্যে পৌঁছতে আমরা প্রতিদিন কঠোর পরিশ্রম করছি। সব কিছুই আসে কঠোর পরিশ্রমের মাধ্যমে। আমি নেতৃত্ব পর্যায়ের একজন। কিন্তু সেখানে আরো কয়েকজন রয়েছেন। আমাদের এখানে দলটা খুবই ভাল। ড্রেসিং রুমে আমাদের পরিবেশটা অসাধারণ। কোন কিছু নিয়ে আমাদের কোন সমস্যা হয়নি। ড্রেসিং রুমে আমরা খুবই মজা করি। সকলেই হাসতে পছন্দ করে এবং একে অপরের সঙ্গে রসিকতা করে। এটা খুবই ভাল, আমি খুবই পছন্দ করি।’—এএফপি ও বাসস