ম্যানসিটিতে আরো পাঁচ বছর থাকবেন আগুয়েরো

আপডেট : ১৫ আগস্ট ২০১৪, ২১:৫৬
ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি জানিয়েছে, তারা স্ট্রাইকার সার্জিও আগুয়েরোর সঙ্গে আরো পাঁচ বছরের চুক্তি করেছে। চুক্তি বাড়ানোয় এই আর্জেন্টাইন ফুটবলার প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ক্লাবটির সঙ্গে ২০১৮-১৯ মৌসুম পর্যন্ত খেলতে সংকল্পবদ্ধ হলেন। ক্লাবটির অধিনায়ক ভিসেন্ট কোম্পানি ক্লাবটিতে আরো পাঁচ বছরের চুক্তি করতে রাজি হওয়ার একদিন পরই বৃহস্পতিবার আগুয়েরোর চুক্তি বাড়ানোর খবরটি এসেছে। মৌসুম শুরু হওয়ার আগেই নিজের ভবিষ্যত্ নিশ্চিত হয়ে যাওয়ায় দারুণ আনন্দিত আগুয়েরো। এর মধ্যদিয়ে লা লিগায় যোগ দেয়ার তার ব্যাপারে যে জোর গুঞ্জন চলছিল তা এখানেই থেমে গেল। আগুয়েরো ম্যানসিটির ওয়েবসাইটে বলেছেন, ‘বাস্তবতায় এটা মনে হয় যে, আমি এখানে আসার পর থেকেই প্রত্যেক মৌসুমের শেষ দিকে সবসময় এ ধরনের গুজব চলে আমি সম্ভবত আবার স্পেনে ফিরে যেতে পারি। এই জল্পনা সবসময়ই চলে আসছে। কিন্তু এ ব্যাপারে নিশ্চিতভাবে আমি তেমন মনোযোগ দেই না।’ আগুয়েরো আরো বলেন, ‘মানুষ অর্থহীন এসব ভাসমান কথায় কান দেয় এবং তারা এটি গুরুত্বের সঙ্গে নেয়। কিন্তু আমি এ ব্যাপারে সিটির ভক্তদের এবং প্রত্যেককে স্বস্তির কথাই বলতে পারি।’ সামনের দিনগুলোতে আরো ভাল করার লক্ষ্যের কথা বললেন ম্যানসিটির এই স্ট্রাইকার, ‘প্রতি বছরই আমার লক্ষ্য থাকে, আগের মৌসুম থেকে ভাল করা। গত মৌসুমটি দারুণ কেটেছিল। কিন্তু আমি দু’টি প্রিমিয়ার লিগ শিরোপায় সন্তুষ্ট নই। আমি আরো শিরোপা চাই এবং এখানকার সতীর্থদের নিয়েই এগুলো অর্জন করতে চাই।’ ম্যানসিটি ক্লাবের প্রশংসা করে আগুয়েরো বলেন, ‘এটা বিশেষ একটি ক্লাব। এখানকার ভক্ত, স্টেডিয়াম, কর্মকর্তারা, পারিপার্শ্বিক অবস্থা এবং নতুন সুবিধাটা হলো-আমরা সবকিছুতেই এগিয়ে আসছি! আমরা অনেক সাফল্য এবং কিছু অবিশ্বাস্য মুহূর্ত উদযাপন করেছি। কিন্তু কেন আমি ক্লাবটিতে থাকতে চেয়েছিলাম এ ক্ষেত্রে সার্বিকভাবে ভবিষ্যত্ এবং আমরা কোন লক্ষ্যের দিকে যাচ্ছি এ ভিশনটাই কাজ করেছে।’—স্কাই স্পোর্টস