দেওয়ান শামসুর রাকিব। আরটিভির অনুষ্ঠান বিভাগের প্রধান। একাধারে সফল চিত্রনাট্যকার। কথা বললেন প্রাসঙ্গিক স্যাটেলাইট কালচার নিয়ে বিনোদন প্রতিদিনের সাথে। সাক্ষাত্কার নিয়েছেন মোস্তাফিজ মিঠু
আরটিভির অনুষ্ঠান বিভাগের পূর্ণাঙ্গ দায়িত্বে থেকে নতুন কী দিতে পেরেছেন?
আরটিভিতে আমি এক বছর ধরে আছি। ইতোমধ্যে দর্শকরা হয়তো পরিবর্তনের ছোঁয়া লক্ষ করেছেন। আমার প্রায় অনেক বছরের অভিজ্ঞতা থেকে চেষ্টা করছি ভিন্ন কিছু করতে। একটি ভালো সেট আপ পেয়েছি আমি। অধস্তন কর্মকর্তারাও আমাকে বেশ সহযোগিতা করছেন। ইনশাল্লাহ আমরা ভালো কিছু করতে পারব।
ঈদে দর্শকদের বিজ্ঞাপনের জালে ফাঁসতে হয়েছে, এ ব্যাপারে আরটিভির উদ্যোগ কতটা ছিল?
বিজ্ঞাপন একটি চ্যানেলের অন্যতম স্পন্সর। সেই জায়গা থেকেও আমরা চেষ্টা করেছি এবার ঈদে দর্শকদের জন্য বিজ্ঞাপনের ব্যাপারে কিছুটা আলাদা সময়ে রাখতে। যাতে করে দর্শকরা নাটক বা অনুষ্ঠানগুলো ঠিকভাবে দেখতে পারে। এছাড়া আমাদের চ্যানেলেই প্রথম টাইম কাউন্টের প্রচলনটা শুরু করেছে। এতে করে দর্শকরা জানতে পারে কতক্ষণ বিজ্ঞাপনের জন্য তাদের অপেক্ষা করতে হবে। তাছাড়া আমরা বিজ্ঞাপনের ব্যাপারেও সচেতনমূলক ব্যবস্থা গ্রহণ করব।
‘রানি কুঠির বাকি ইতিহাস’ ছবির সাফল্যের পরও আর কোনো ছবির স্ক্রিপ্ট লিখছেন না, কেন?
আসলে যোগাযোগ ও ব্যস্ততার কারণে হয়ে উঠছে না। ‘লীলামন্থন’ নামে মান্নার শেষ মুক্তি না পাওয়া শেষ ছবিটির স্ক্রিপ্টও আমার লিখা। কিন্তু ছবিটি এখনও মুক্তি পায়নি। প্রযোজকের সাথে কথা হয়েছে ১৬ ডিসেম্বর হয়তো মুক্তি পেতে পারে। তবে কাজ করার ইচ্ছা আছে। সুযোগ আসলে আবারও করব।
বাণিজ্যিক চলচ্চিত্রের এখনকার একঘেয়েমি গল্প নিয়ে আমি কী বলবেন?
প্রযুক্তির ছোঁয়া আমাদের ছবিতে এসেছে। আমরা সামনে যাচ্ছি। তবে গল্পের ব্যাপারে এখনও আগের ধারা রয়ে গেছে। নতুন যারা আসছে তাদের পড়াশোনা বাড়ানো উচিত। একটা স্ক্রিপ্ট লেখার আগে সে ব্যাপারে একটি প্রস্তুতি জরুরি।
ওপার বাংলার সিরিয়ালের প্রতি আমাদের দর্শকদের আসক্তি। আমাদের স্পন্সর ওপারে ভাগ হয়ে যাওয়া এ প্রসঙ্গে কী বলবেন?
আমাদের নাটক বা টেলিভিশন কনটেন্ট ওপার বাংলার চেয়ে অনেক ভালো। দর্শক ফেরানোর চেষ্টা আমরা করছি। আমাদের দেশে ভারতের চ্যানেলের প্রভাব কমাতে হবে। এ ব্যাপারে সরকারের সহযোগিতা কাম্য। বিজ্ঞাপনের যেই কারণটা আছে, সে ব্যাপারে আরটিভি চেষ্টা করছে ভিন্নতা আনার। তবে তার আগে আমাদের সবার প্রয়োজন আমাদের স্বকীয় দেশপ্রেমের তাগিদটা বাড়ানো।
