ইসলামিক স্টেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে জাতিসংঘ ও ইইউ

আপডেট : ১৬ আগস্ট ২০১৪, ২০:৪২
ইরাকের উত্তরাঞ্চলে ৮০ ইয়াজিদিকে নির্বিচারে হত্যা করেছে জঙ্গিরা ইরাক ও সিরিয়ার সশস্ত্র জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। পরিষদ আইএসের ছয় ব্যক্তিকে কালো তালিকাভুক্তসহ নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে। একইভাবে ইরাকের ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে ‘নিষ্ঠুরতার’ জন্য ইসলামিক স্টেটকে অভিযুক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আইএস জঙ্গিরা শুক্রবার ইরাকের উত্তরাঞ্চলে ইয়াজিদি সমপ্রদায়ের ৮০ জনকে হত্যা করার পর চরমপন্থি এই সংগঠনটির বিরুদ্ধে এসব ব্যবস্থা নেয়া হয়েছে। আইএসের বিরুদ্ধে কঠোর অবস্থানের অংশ হিসেবে নিরাপত্তা পরিষদ জঙ্গি সংগঠনটির মুখপাত্রসহ ছয় ব্যক্তিকে কালো তালিকাভুক্ত করেছে। এর পাশাপাশি সংগঠনটির অর্থ যোগানদাতা ও অস্ত্র সরবরাহকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি দেয়া হয়েছে। ইরাক ও সিরিয়ার বেশ কিছু অঞ্চল দখল করে খিলাফত ঘোষণা করা ইসলামিক স্টেটকে দুর্বল করতে গত শুক্রবার ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ সর্বসম্মত এক প্রস্তাবে এসব ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যে ছয়জনকে কালো তালিকাভুক্ত করেছে তাদের অন্যতম হলেন আইএসের মুখপাত্র আবু মুহাম্মদ আল আদনানি। তিনি সংগঠনটির সবচেয়ে প্রভাবশালীদের একজন এবং দলের প্রধান নেতা আবু বকর আল-বাগদাদির কাছের লোক। বাকিরা হচ্ছেন- আলজেরিয়ার সাবেক সেনা কর্মকর্তা সাইদ আরিফ, সৌদি নাগরিক আবদুল মুহসিন আবদুল্লাহ ইব্রাহিম আল-চারেখ, কুয়েতি নাগরিক হামিদ হামাদ আল-আলি এবং হাজ্জাজ বিন ফাহদ আল-আজমি এবং আরেক সৌদি নাগরিক আবদেল রাহমান মোহাম্মদ জাফির আল-দাবিদি আল-জাহানি। এদিকে ইরাকের ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে ‘নিষ্ঠুরতা ও হয়রানির’ জন্য ইসলামিক স্টেটকে অভিযুক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আইএসের বিরুদ্ধে লড়াইয়ে ইইউর কোনো দেশকে আলাদাভাবে কুর্দিদের অস্ত্র সহায়তা দেয়ার অনুমতি দেয়া হবে কিনা তা নিয়ে ব্রাসেলসে ইউরোপিয়ান ইউনিয়নের এক জরুরি বৈঠকের পর এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। পরে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমেইয়ার বলেন, তিনি কুর্দি নেতৃবৃন্দ ও বাগদাদ সরকারের সঙ্গে সাক্ষাতের জন্য ইরাকে যাবেন এবং তাদের কোন ধরনের সাহায্য সবচেয়ে বেশি প্রয়োজন তা নিয়ে আলোচনা করবেন। ফ্রান্স এবং যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই কুর্দিদের অস্ত্র সরবরাহ করার পদক্ষেপ নিয়েছে। উল্লেখ্য, আইএস জঙ্গিরা শুক্রবার বিকালে ইরাকের উত্তরাঞ্চলীয় এক গ্রামে সংখ্যালঘু ইয়াজেদি সমপ্রদায়ের ওপর নির্বিচার হত্যাকাণ্ড চালায়। এতে কমপক্ষে ৮০ জন নিহত হয়েছে। এছাড়া ওই গ্রাম থেকে জঙ্গিরা বেশ কিছু নারীকে অপহরণ করে নিয়ে গেছে বলেও তারা জানিয়েছেন। এর আগে আইএস জঙ্গিদের তাড়া খেয়ে ইয়াজেদিরা পার্শ্ববর্তী একটি পর্বতমালায় আশ্রয় নিয়েছিল।