ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বিমান হামলায় ৬ স্বজন নিহত হওয়ার প্রতিবাদে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মানবিক অবদানের জন্য দেয়া ইসরাইলি সম্মান ফিরিয়ে দিয়েছেন নেদারল্যান্ডসের এক নাগরিক।—বিডি নিউজ
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে হিটলারের নাজি বাহিনীর তীক্ষ নজরদারি থেকে এক ইহুদি শিশুকে লুকিয়ে রেখেছিলেন হেঙ্ক য্যানোলি। ১৯৪৩-৪৪ সালে য্যানোলিদের বাড়িতে নিরাপদ আশ্রয় পেয়েছিল ওই ইহুদি শিশু। এ অবদানের জন্য ২০১১ সালে য্যানোলি ও তার মাকে “রাইথেয়াস অ্যামং দ্য ন্যাশন” পুরস্কারে ভূষিত করে সম্মান জানিয়েছিল ইসরাইল।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদি নিধন চলাকালে অন্য ধর্মবিশ্বাসের যারা ইহুদিদের আশ্রয় দিয়ে রক্ষার জন্য নিজেদের জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দিয়েছিলেন, ইসরাইল রাষ্ট্রের পক্ষ থেকে তাদের এ সম্মান দেয়া হয়। ৯১ বছর বয়সী য্যানোলি দ্য হেগে অবস্থিত ইসরাইলি দূতাবাসে চিঠি লিখে জানিয়েছেন তিনি ইসরাইলের দেয়া সম্মান আর বহন করতে পারবেন না।
তিনি জানিয়েছেন, সামপ্রতিক অভিযানের সময় একটি ইসরাইলি এফ-১৬ জঙ্গি বিমান গাজায় তার ভাই (বা বোনের) দিকের নাতির বাড়ি ধ্বংস করে বাড়ির সবাইকে হত্যা করেছে।
