খীরাম-নানুপুর সড়ক ৫ বছর যাবত্ অসমাপ্ত

আপডেট : ১৬ আগস্ট ২০১৪, ২১:৪৭
ফটিকছড়ির অন্যতম গুরুত্বপূর্ণ খীরাম-নানুপুর সড়ক দীর্ঘ ৫ বছর যাবত্ অসমাপ্ত অবস্থায় ফেলে রাখা হয়েছে। সড়কটি কার্পেটিংয়ের নামে কিছু ইটের খোয়া দিয়ে ফেলে রাখা হয়েছে। জনগণের মতে রাস্তাটি পূর্বের অবস্থায় থাকলে চলাচলে এতটা অসুবিধা হতো না। কারণ রাস্তাটি খুঁড়ে খোয়া ফেলে রাখায় জনগণের দুর্ভোগ আরো বাড়িয়ে দেয়া হয়েছে। গত ২০০৯-২০১০ অর্থবছরে দশ কি.মি. দৈর্ঘ্য সড়কটির ২ দশমিক ৪ কি.মি. সড়ক কার্পেটিংয়ের জন্য এলজিইডি ৬০ লাখ টাকা বরাদ্দ দেয়। ওই অনুযায়ী কার্যাদেশপ্রাপ্ত ঠিকাদার রাস্তাটি খোঁড়াখুঁড়ি করে কিছু ইটের খোয়া ফেলে কাজে লোকসান হবার কথা বলে কাজ ফেলে চলে যায়। ফলে ওই সড়কে নিয়মিত চলাচলকারী হাজার হাজার মানুষের ভোগান্তি চরমে ওঠে। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী শচী দুলাল বিশ্বাসের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ওই ঠিকাদারের কার্যাদেশ অনেক আগেই বাতিল করা হয়েছে একই সাথে পেনাল্টি করা হয়েছে। রাস্তাটি কার্পেটিংয়ের জন্য নতুন করে এস্টিমেট করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে বলে তিনি জানান।