২০১৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের ২৪ ঘন্টা পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষে ‘অনলাইন’ ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ কার্যক্রমের উদ্বোধন করেন ভিসি অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক। চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।
এদিকে ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতির আশঙ্কায় প্রথমবারের মত পরীক্ষার হলে ক্যালকুলেটরসহ যে কোন ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে আসা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কমিটি।
জানা যায়, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীরা আগামী ৩১ আগস্ট দুপুর দুইটা পর্যন্ত অনলাইনে ভর্তির জন্য আবেদন করতে পারবে।
এজন্য তাদেরকে http://admission.eis.du.ac.bd/- GB লিংকে ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুসরণ করতে হবে।
পরে দেশের যে কোন সোনালী জনতা/ রূপালী/ অগ্রণী শাখায় ভর্তি পরীক্ষার নির্ধারিত ফিস জমা দিতে হবে। জমা দিতে পারবে আগামী ৩১ আগস্ট দুপুর দুইটা পর্যন্ত। এবছর ভর্তি পরীক্ষার আবেদনের জন্য ফিস নির্ধারিত করা হয়েছে ৩৫০ টাকা (অনলাইন চার্জসহ)।
ভর্তি পরীক্ষা শুরুর ৩০ মিনিট পর পর্যন্ত সব ইউনিটের প্রবেশপত্র সংগ্রহ করতে পারবে।
