পান্থকুঞ্জ রক্ষার দাবি

আপডেট : ১৬ আগস্ট ২০১৪, ২২:০০
কাওরানবাজারস্থ পান্থকুঞ্জ পার্ক রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন। শনিবার পার্কের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে বক্তারা বলেন, পান্থকুঞ্জ পার্ক সংলগ্ন রাস্তা ও ফুটপাত জুড়ে বসানো হয়েছে সিটি করপোরেশনের বৃহত্ আকারের একাধিক ডাস্টবিন। এই ডাস্টবিনে ফেলা ময়লার উত্কট গন্ধে প্রাত:ভ্রমণকারী ও পথচারীদের চলাচল কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। তারা বলেন, পার্কের অভ্যন্তরে স্থায়ীভাবে ময়লা ফেলার ডিপো ও স্থানান্তর কেন্দ্র স্থাপনের কাজ হাতে নেয়া হয়েছে। জনস্বাস্থ্য ও পরিবেশের নামে এই ধরনের সরকারি পদক্ষেপ অত্যন্ত দুঃখজনক ও জনস্বার্থবিরোধী। পান্থকুঞ্জ পার্ক প্রাত:ভ্রমণ কমিটির সভাপতি ও স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাপার সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুল মতিন, মো. কামাল হোসেন, মো. নাসিম, বাপার যুগ্ম-সম্পাদক মিহির বিশ্বাস, বাপার নির্বাহী সদস্য ড. মাহবুব হোসেন ও অধ্যাপক একেএম মোজাম্মেল হক, ডব্লিউবিবি ট্রাস্টের ন্যাশনাল অ্যাডভোকেসি অফিসার মারুফ রহমান, গ্রিন ভয়েস সহ-সমন্বয়ক হুমায়ন কবির সুমন, সেবার পরিচালক ডা. মো. নূরুদ্দিন, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ইবনুল সাঈদ রানা প্রমুখ। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), গ্রিন ভয়েস, ডব্লিউবিবি ট্রাস্ট, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, সেবা ও কাঁঠাল বাগানসহ স্থানীয় এলাকাবাসী যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।