পুরনো গ্রেনাডায় নতুন বাংলাদেশ আজ একমাত্র প্রস্তুতি ম্যাচ

আপডেট : ১৬ আগস্ট ২০১৪, ২২:১১
এই সেই ওয়েস্ট ইন্ডিজ, যেখানে প্রথমবারের মত টেস্টে প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। তাই, সুখস্মৃতি সাথে নিয়েই ক্যারিবিয়ান অঞ্চলে এসেছে মুশফিকরা। বাংলাদেশের সাথে গ্রেনাডা জাতীয় স্টেডিয়ামের সম্পর্কটাও পাঁচ বছরের পুরনো। এককথায় বলা যায়, বাংলাদেশের পয়া ভেন্যুতেই উঠছে সিরিজের পর্দা। খানিকটা সামনে এগিয়ে এসেছিলেন সাকিব আল হাসান। কেমার রোচের ফুল লেন্থ ডেলিভারিতে লং অনে তুলে দিয়েছিলেন বল। বেশ খানিকক্ষণ বলটা শূন্যে ভেসেছিল। বাউন্ডারি পার করার সাথে সাথেই শুরু হয়ে গেল উত্সব। এর চেয়েও নাটকীয়, এর চেয়েও নান্দনিক জয় হয়তো সম্ভব, কিন্তু এর চেয়ে বড় ইতিহাস রচনা বাংলাদেশের জন্য ছিল কল্পনারও বাইরে। মাঠে তাই মুহূর্তের মধ্যে শুরু হয়ে গেল জয়োত্সব। ইনজুরি জর্জরিত পায়ে খোঁড়াতে খোঁড়াতে হাজির হয়ে গেলেন মূল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ভারপ্রাপ্ত অধিনায়ক সাকিবের গায়ে কেউ একজন জড়িয়ে দিলেন লাল-সবুজের পতাকা। সাত সমুদ্র তের নদীর পাড়ে রচিত হল বাংলাদেশের বিজয়গাঁথা। দিনটি ছিল ২০০৯ সালের ২০ জুলাই, সোমবার। দেশের বাইরে প্রথমবারের মত কোন টেস্ট সিরিজে প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করলো বাংলাদেশ। হোক সেটা খর্বশক্তির ওয়েস্ট ইন্ডিজ। বিজয় উল্লাসে মোটেই তার কোন প্রভাব পড়লো না। এর পর কেটে গেছে পাঁচটি বছর। মহাকালের সময়ের হিসেবে অনেক কম হলেও এর মধ্যেই বাংলাদেশের ক্রিকেটে ঘটেছে অনেক পালাবদল। অধিনায়ক বদলেছে, বদলেছে খেলোয়াড়। তিলে তিলে গড়ে উঠেছে বাংলাদেশ ক্রিকেট দল। কখনও বা তীব্র সংকটও নেমে এসেছে। সর্বশেষ অবস্থাটা ছিল সঙ্কটাপন্নই। এশিয়া কাপ, বিশ্বকাপের পর নিজের মাঠে ভারতের বিপক্ষেও নিজেদের হারিয়ে খুঁজেছে বাংলাদেশ। এমনই এক মুহূর্তে আবারও বাংলাদেশ মাঠে নামছে নিজেদের প্রিয় ভেন্যুতে। সেই গ্রেনাডার জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেই সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। মুখে স্বীকার না করলেও হয়তো পাঁচ বছর আগের সেই সুখ স্মৃতিই বুকে ধারণ করে মাঠে নামবে বাংলাদেশের ক্রিকেটাররা। ফরম্যাটটা অবশ্য ভিন্ন। এবার ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের যাত্রা। আগামী বুধবার ও শুক্রবার গ্রেনাডাতে অনুষ্ঠিত হবে প্রথম দুটি ওয়ানডে। এর আগে আজ একটি একদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আজ সেই ম্যাচে স্থানীয় সময় চারটায় বাংলাদেশের প্রতিপক্ষ গ্রেনাডা একাদশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে গ্রেনাডার পূর্বাঞ্চলের প্রোগ্রেস পার্কে। প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে গত শুক্রবার ১৬ সদস্যের দল ঘোষণা করে গ্রেনাডা ক্রিকেট অ্যাসোসিয়েশন (জিসিএ)। দলটির অধিনায়কত্ব করবেন ওপেনার আন্দ্রে ফ্লেচার। তিনি ছাড়াও জাতীয় দলের অভিজ্ঞতাসম্পন্ন আরও দুইজন আছেন এই দলটিতে। তারা হলেন — ডেভন স্মিথ ও নেলন প্যাসকেল। এছাড়া আছেন অনূর্ধ্ব ১৯ দলের মিডিয়াম পেসার প্রেস্টন ম্যাকসুইন। বাংলাদেশের হয়ে পাঁচ বছর আগে সেই ম্যাচে খেলা ক্রিকেটারদের মধ্যে এবার আছেন কেবল পাঁচজন — তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ ও রুবেল হোসেন। নিষেধাজ্ঞার কারণে নেই সেবারের সেরা খেলোয়াড় সাকিব আল হাসান। কাকতালীয়ভাবে, সেটাই ছিল এখন পর্যন্ত মাঠটিতে অনুষ্ঠিত হওয়া সর্বশেষ টেস্ট। এবারও এই ভেন্যুতে কোন টেস্ট আয়োজন হচ্ছে না। একটা টেস্ট ম্যাচের জন্য সাবেক কুইন্স পার্ক মাঠের অপেক্ষার প্রহর আরও খানিকটা দীর্ঘ হচ্ছে। ২০১৫ সালের এপ্রিল-মে মাসে ওয়েস্ট ইন্ডিজে পূর্ণাঙ্গ সফরে আসছে ইংল্যান্ড। তখনই আবার এই ভেন্যুতে একটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। সেই খবরটাও আসলো বাংলাদেশ গ্রেনাডায় থাকা অবস্থাতেই। বাংলাদেশও তাহলে গ্রেনাডার জন্য পয়া! গ্রেনাডা স্কোয়াড আন্দ্রে ফ্লেচার (অধিনায়ক), ডেভন স্মিথ, নেলন প্যাসকেল, হেরন ক্যাম্পবেল, প্রেস্টন ম্যাকসুইন, রোন্যাল্ড এটিনি, কেওন জর্জ, রুডলফ পল, ইমরান জর্জ, অ্যাকিম অ্যালেক্সিস, ডেনিস জর্জ, নিকোজি সেইন্ট হিলারি, ইয়ামন অ্যালেকজ্যান্ডার, জশ থমাস, রোন্যাল্ড ক্যাটো ও রায়ান জন।