আমার সাথে শ্রাবন্তীকেই বেশি মানাবে :শাকিব খান

আপডেট : ১৭ আগস্ট ২০১৪, ২০:৩৫
‘হিরো দ্য সুপার স্টার’-এর সাফল্যের পর বেশ আঁটসাঁট বেঁধেই নেমেছেন চিত্রনায়ক শাকিব খান। ওদিকে পশ্চিমবাংলায় ছবির বাজারে মোটের ওপরে ভালো না বললেই চলে। তাই ঢালিউড পাড়ায় এখন হরহামেশায় টালিউড কর্মী-কুশলীদের আনাগোনা। সম্প্রতি ঘুরে গেলেন ‘বিন্দাস’ ছবির পরিচালক চিত্রনায়িকা শ্রাবন্তীর প্রাক্তন স্বামী রাজীবসহ কলকাতার একাধিক শোবিজ কর্মী। আমাদের শীর্ষ নায়ক শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের সাথে নতুন কাজের ব্যাপারেই চলল মিটিং। শাকিবের কথায়, ‘এবারের ছবির গল্পটা দারুণ। পুরো স্টোরি লাইন নিয়েই আমরা কথা বললাম। ওপার বাংলার শ্রাবন্তীকেই আমি প্রেফার করছি। ওরা অবশ্য শুভশ্রীর কথা বলেছিল। কিন্তু আমার সাথে শ্রাবন্তীকেই বেশি মানাবে। এছাড়া এদেশের একজন হিরোইন নেবো। তবে কাকে নেবো তা ঠিক করিনি। কলকাতার পক্ষ থেকে রাজীবই ছবি নির্মাতা হিসেবে থাকবেন। আর আমাদের দেশের একজন গুণী নির্মাতাকে নেওয়া হবে। আমার সাথে যৌথ প্রযোজনার কোনো লুকোচুরি নেই। সবাইকে নিয়েই ঢাকঢোল পিটিয়েই ছবিটি শুরু করছি। আগামী ঈদের জন্যই তৈরি হবে। তাই খুব শিগগিরই ছবির শুটিংয়ের কাজ শুরু করব। আশা করছি এই ছবিটি আমাদের দুই বাংলার জন্য অন্যরকম মাইলফলকে পরিণত হবে।’