দারুণ সফল একটি বছরই কাটাচ্ছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। কিন্তু সাফল্যের পরেও পা মাটিতেই রাখছেন এই প্রতিভাবান অভিনেত্রী। নিজের সেরাটা ঢেলে দিয়েই কাজ করছেন তিনি। জীবনে সাফল্যের পাশাপাশি তো ব্যর্থতাও আসে। কিন্তু দীপিকা ব্যর্থতার চোখ রাঙানিকে ভয় পান না। সম্প্রতি এক সাক্ষাত্কারে তিনি বলেন, ‘আমি জানি সাফল্যের পর ব্যর্থতা আসে। কিন্তু ব্যর্থতায় আমি ভীত নই। দর্শক কি পছন্দ করে এবং কি পছন্দ করে না তার উপর ভিত্তি করেই আমি আমার ক্যারিয়ারটাকে অগ্রসর করছি। যেসব দর্শকরা একসময় আমার ছবি অপছন্দ করত আজ তাদের অনেকেই আমার ভক্ত। ভবিষ্যতে তাদের অনেকেই হয়তো আমার ছবি আবারও অপছন্দ করবে। আমি বিশ্বাস করি যে আমার বাস্তবতা সম্পর্কে ধারণা আছে। সবসময় আমার ক্যারিয়ারের গ্রাফ যে ঊর্ধ্বমুখীই হবে এমন কোনো কথা নেই। আমার ক্যারিয়ারেও অনেক ছন্দপতন আছে। কিন্তু আমি চাইব যে ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে যেন আমি স্মরণীয় কিছু রেখে যেতে পারি।’ কিন্তু বাস্তববাদী এই অভিনেত্রীর কাছে বিয়ের সানাই কবে বাজবে জানতে চাওয়া হলে হাস্যোজ্জ্বল দীপিকা বলেন, ‘আমার বয়স এখন ২৮ চলছে। যে মানুষটার সাথে আমি সারা জীবন কাটাব তাকে প্রথমে আমার ভালোভাবে জানতে হবে। যখন আমি বুঝতে পারব যে হ্যাঁ এটাই সঠিক সময়, আমি বিয়ে করব। কিন্তু আমি ভালোবাসার মানুষকেই বিয়ে করতে চাই এবং বিয়ের পর অনেক অনেক সন্তান চাই!’
