ই ন্টা র ভি উ

চলচ্চিত্রের জন্য পরিবার থেকে সম্মতি পাইনি

আপডেট : ১৭ আগস্ট ২০১৪, ২০:৩৬
পারিহা লিমা। মডেলিং, উপস্থাপনায় রয়েছেন সমানতালে। নিজের কাজের ব্যস্ততাও অনেক। ছোট পর্দার এই ব্যস্তমুখ বললেন নিজের কাজের ভিশন নিয়ে নিজস্ব দর্শনের কথা। সাক্ষাত্কার নিয়েছেন দিব্যজোতি ‘তারকালাপ’, ‘রূপচর্চা’র পাশাপাশি আর কী কী কাজ করছেন? ‘রূপচর্চা’ এখন আর হচ্ছে না। তারকালাপই করছি শুধু। এর বাইরে আপাতত কিছু করছি না। চলচ্চিত্রে অভিনয়ের জন্য পরিবারের সম্মতি পাননি, উপস্থাপিকা হিসেবে যখন শুরু করেছিলেন পরিবারের সমর্থন কেমন ছিল? হ্যাঁ, চলচ্চিত্রের জন্য আমি আমার পরিবার থেকে সম্মতি পাইনি। উপস্থাপিকা হিসেবেও যখন কাজ করতে শুরু করি তখনো পরিবারের সম্মতি ছিল না। প্রথম দিকে তাই আমাকে বেশ কষ্টই করতে হয়েছে। কিন্তু পরবর্তীতে আমি যখন উপস্থাপনা শুরু করি এবং ভালো করতে থাকি তখন দেখা যায় আমি আমার পরিবার থেকেই সবচেয়ে বেশি সমর্থন পাচ্ছি। অনেক উপস্থাপককেই আমরা দেখি। কিন্তু এদের বেশিরভাগই পরবর্তীতে অন্য অঙ্গনে চলে যায়? আসলে উপস্থাপনা খুব একটা সহজ কাজ নয়। আমি আমার কথাই বলি। আমি লাইভ শো করি। এর জন্য অনেক বেশি জানতে হয়। ভালো প্রস্তুতি থাকা লাগে। দায়বদ্ধতা থাকা লাগে। এগুলো ছাড়া ভালো করা অসম্ভব। আপনি লাইভ শো’র কথা বললেন। লাইভ শোতে একটা আলাদা টেনশন থাকে। সবাই সরাসরি দেখছে। ভুল হলে শোধরানোর সুযোগ নেই। কেউ ফোনে অপ্রস্তুত প্রশ্ন করলে আপনাদের কী ধরনের প্রস্তুতি থাকে? এখন তো ডিলেমেশন পদ্ধতি ব্যবহার করা হয়। এক্ষেত্রে আগেই দর্শকের কাছ থেকে প্রশ্ন শুনে নেওয়া হয়। তারপর কল লাইভে ট্রান্সফার করা হয়। এখন প্রায় সব চ্যানেলই এ পদ্ধতি ব্যবহার করে থাকে। এজন্য এ ধরনের ফোন এখন নেই বললেই চলে। ২০০৪ সালে ঢাকা থেকে লাক্স সুন্দরীতে সেকেন্ড রানারআপ, এরপর তারকালাপ শুরু করেন ২০১০ সালে। মাঝের বিরতিতে কী করেছেন? এ কয় বছর আমি পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম। আমি সমাজকল্যাণে স্নাতক, স্নাকত্তোরের পর এলএলবিও করেছি। লাক্স সুন্দরীরা সাধারণত অভিনয়ের দিকে যায়। আপনি উপস্থাপনার দিকে ঝুঁকলেন কেন? আমি অভিনয়ের জন্য পরিবার থেকে সম্মতি পাইনি। অন্যরা দেখা গেছে পরিবার থেকে অনেক সমর্থন পায়। অনেকে মায়ের সাথে শুটিংয়ে যায়। আমি এ ধরনের সমর্থন পাইনি। আর উপস্থাপনাও ভালো লাগত। উপস্থাপনা করতে পেরেছি শো’টা স্টুডিওতে হয় বলেই।