স্বামীকে থামাতে স্ত্রীর অদ্ভুত কাণ্ড

আপডেট : ১৭ আগস্ট ২০১৪, ২১:০৬
স্বামী-স্ত্রীর মধ্যে মান অভিমান। বাড়ি থেকে চলে গেলেন স্বামী। স্ত্রী ভাবলেন স্বামী হয়তো পালিয়ে বিদেশে চলে যাচ্ছেন। তাই ঠেকাতে ছুটলেন এয়ারপোর্টে। দেখলেন একটি বিমান সামনের দিকে ওড়া শুরু করেছে। ভেবেছিলেন বিমানে রয়েছেন তার স্বামী। তাই কাঁটাতারের বেড়ার ওপর উঠে চলন্ত বিমান থামাতে গেলেন স্ত্রী! সম্প্রতি ঘটনাটি ঘটেছে কানাডার হ্যালিফ্যাক্স স্ট্যানফিল্ড আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমান বন্দরের মাউন্টেট পুলিশ জানান, ঠিক ওড়ার আগের মুহূর্তে তিনি বিমান রুখতে চেয়েছিলেন। কাঁটাতারের বেড়া টপকে চলে এলেও বিমানের কাছে পৌঁছাতে পারেননি। তার আগেই তাকে আটকে দেয় পুলিশ। আর একটু হলেই ১০ ফুট উঁচু কাঁটাতার পেরিয়ে গিয়েছিলেন তিনি! পুলিশ জানায়, কানাডায় স্থানীয় সময় তখন সকাল ৮টা বেজে ৩০ মিনিট। ওই মহিলাকে দেখে ফেলেন এয়ারক্রাফ্ট কন্ট্রোল টাওয়ারের কর্মীরা। প্রায় ১০ মিনিট এয়ারফিল্ডে ছিলেন তিনি। পরে তিনি পুলিশকে জানান তিনি ভেবেছিলেন ওই বিমানে রয়েছেন তার স্বামী। তবে খোঁজ নিয়ে দেখা যায়, তার স্বামী ওই বিমানে ছিলেন না। এই পাগলামির কারণে মানসিক পরীক্ষা করতে তাকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। কাঁটাতারের বেড়ায় সামান্য জখমও হয়েছিলেন ওই নারী। ৩৭ বছরের ওই মহিলা বিমানবন্দরের দক্ষিণ-পশ্চিমের ফল রিভার অঞ্চলের বাসিন্দা। ঘটনার পর বিমানবন্দরের নিরাপত্তা খতিয়ে দেখছেন বিমানবন্দর কর্মীরা।