বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান

আপডেট : ১৭ আগস্ট ২০১৪, ২২:০৬
বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নির্বাচিত হলেন শাহরিয়ার এম খান। পাকিস্তানের ডন পত্রিকা এ খবর দেয়। পিসিবির একটি সূত্র জানায়, ইতোপূর্বে বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা শাহরিয়ার খান ছাড়া এ পদে আর কেউ মনোনয়নপত্র জমা না দেয়ায় গত শনিবার তাকে নির্বাচিত ঘোষণা করা হয়। নাজাম শেঠি পদত্যাগ করার পর শূন্য হওয়া এ পদের জন্য মনোনায়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল শুক্রবার। জমা দেয়া কাগজপত্র যাচাই-বাছাইয়ের পর তিনিই হন পিসিবি চেয়ারম্যান। পিসিবির গভর্নিং বডির ১০ সদস্যের আজ সোমবার নতুন চেয়ারম্যান নির্বাচন করার কথা ছিল। কিন্তু শাহরিয়ার খানের বিপক্ষে কেউ মনোনয়নপত্র দাখিল না করায় তিনিই হতে যাচ্ছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান।