‘চার জাতি আলোচনা ফলপ্রসূ’ সেনা দখলে লুহানস্ক

আপডেট : ১৮ আগস্ট ২০১৪, ২১:০৮
ইউক্রেন সংকট নিয়ে চার জাতি আলোচনা চালিয়ে নেয়াটা কঠিন হলেও সেটি ফলপ্রসূ হয়েছে। গত রবিবার বার্লিনে বৈঠক শেষে জার্মান পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন। এদিকে এই প্রথমবারের মত ইউক্রেনের সামরিক বাহিনী একই দিন বিদ্রোহী নিয়ন্ত্রিত লুহানস্ক শহর দখল করে নিয়েছে। রাশিয়া, ইউক্রেন ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে ইউক্রেনের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক-ওয়ালটার স্টেইনমেয়ার। দেশটিতে চলমান মানবিক সংকট দূরীকরণ ও পূর্বে যুদ্ধবিরতি কিভাবে কার্যকর করা যায় তার ওপর গুরুত্ব দেয়া হয়েছে বলে জানিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী। এদিকে পূর্বাঞ্চলের যে দুইটি এলাকায় বিদ্রোহীদের শক্ত অবস্থান রয়েছে সেখান থেকে তাদের হটাতে ব্যাপক অভিযান শুরু করেছে দেশটির সামরিক বাহিনী। ওদিকে দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার নিরাপত্তা বাহিনী এই প্রথমবার বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত লুহানস্ক শহর নিয়ন্ত্রণে নিয়েছে। শহরটি দখলে আসার পর সেখানকার পুলিশ স্টেশনে জাতীয় পতাকা উত্তোলন করা হয় বলে জানিয়েছেন দেশটির সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র এন্ড্রি লাইসেনকো। বেশ কয়েক মাস ধরেই বিদ্রোহীরা শহরটি নিয়ন্ত্রণে রেখেছিল। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক জানিয়েছেন, তিনি এবং ইউরোপীয় অন্যান্য পররাষ্ট্রমন্ত্রীগণ এ সম্পর্কে তাদের নেতাদের কাছে সার্বিক প্রতিবেদন পাঠাবেন। তাছাড়া সোম অথবা মঙ্গলবার পর্যন্ত আলোচনা অব্যাহত রাখার বিষয়েও তারা একমত হয়েছেন। তিনি বলেন, আমাদের লক্ষ্য হল দেশটিতে যুদ্ধবিরতি কার্যকর করা এবং ভবিষ্যতে যাতে আর কোন হতাহতের ঘটনা না ঘটে সেদিকে খেয়াল রাখা।