স্মরণ সভায় বক্তারা
বেবী মওদুদ ছিলেন একাধারে গবেষক, সাংবাদিক, শিশুসাহিত্যিক, নারীনেত্রী। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির যুদ্ধাপরাধবিরোধী আন্দোলনেও তিনি ছিলেন সম্মুখসারির যোদ্ধা। তাঁর সমগ্র সত্তা জুড়ে ছিল বাঙালিত্বের বোধ, বঙ্গবন্ধুর প্রতি গভীর ভালোবাসা এবং মুক্তিযুদ্ধের চেতনার প্রতি অপরিসীম আস্থা। দুঃস্থ-নির্যাতিতা নারীদের একান্ত আপনজন ছিলেন তিনি। সকলের প্রয়োজনের কথা ভাবতেন তিনি তাকাতেন না নিজের প্রয়োজনের দিকে, এমনই মন্তব্য করেন বেবী মওদুদের স্মরণসভায় আত্মীয়-বন্ধু, সহকর্মীগণ। সদ্য প্রয়াত লেখক, সাংবাদিক ও বিশিষ্ট নারীনেত্রী বেবী মওদুদ স্মরণে গতকাল বাংলা একাডেমি এবং বাংলাদেশ মহিলা পরিষদ বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে এক স্মরণসভার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি।
স্মরণসভায় বেবী মওদুদের জীবন ও কর্ম বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন নারীনেত্রী-গবেষক মালেকা বেগম। আলোচনায় অংশগ্রহণ করেন সংস্কৃতি সচিব ড. রণজিত্ কুমার বিশ্বাস, নারী নেত্রী আয়েশা খানম, অধ্যাপক মুনতাসীর মামুন, কবি মুহাম্মদ নুরুল হুদা, নারীনেত্রী মাখদুমা নার্গিস, প্রকাশক ওসমান গণি, প্রকাশক আহমেদ মাহমুদুল হক, আলোকচিত্রশিল্পী পাভেল রহমান এবং বেবী মওদুদের পুত্র রবিউল হাসান অভি। স্মরণসভায় সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।
স্মরণসভায় বক্তারা বলেন, প্রকাশনা জগতের সঙ্গেও তাঁর ছিল নিবিড় সংযুক্ততা। বাংলাদেশের নারী সংবাদিকতার ক্ষেত্রে তাঁর অবদান গুরুত্বপূর্ণ। বহুমাত্রিক পরিচয় তাঁকে জনবিচ্ছিন্ন করেনি বরং সততা, আদর্শ ও নীতিনিষ্ঠা তাঁকে আমৃত্য রেখেছিলো জনলগ্নে। সদা শুভ্র-বসনের বেবী মওদুদ মনের দিক থেকেও ছিলেন একজন চিরশুভ্র মানুষ। এই সর্বতোমুখী মানবিক সংস্কৃতির ধারক মানুষটিকে ভোলা সম্ভব হবে না।
সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, বেবী মওদুদের লেখক সত্তাও অত্যন্ত তাত্পর্যপূর্ণ। শিশুদের জন্য যেমন তিনি প্রচুর লিখেছেন তেমনি মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধু-নারী ইত্যাদি ছিল তাঁর গবেষণার প্রিয় বিষয়। ছাত্রজীবন থেকে জীবনের শেষ পর্যন্ত রাজপথে-জনপথে প্রগতির মিছিলে অদম্য উত্সাহী কর্মী হিসেবে কাজ করে গেছেন তিনি।
সংস্কৃতি সচিব রণজিত্ কুমার বিশ্বাস বলেন, বেবী মওদুদ ছিলেন বৈদগ্ধের সৌন্দর্যের ভাস্বর একজন বহুমুখী মানুষ।
আয়েশা খানম নারী আন্দোলন ও মহিলা পরিষদে তার অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করে বলেন, ছাত্র জীবন থেকে শুরু করে শেষদিন অবধি তিনি যুদ্ধ করে গেছেন।
শামসুজ্জামান খান বলেন, বেবী মওদুদ ছিলেন একজন সরল-নিরহংকার-নির্লোভ-কর্মযোগী- অসাধারণ মানুষ। বঙ্গবন্ধুর ঐতিহাসিক অসমাপ্ত আত্মজীবনী প্রকাশের ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। তিনি বলেন, বাংলা একাডেমি খুব শীঘ্রই বেবী মওদুদের জীবনী ও রচনা সংগ্রহ প্রকাশ করবে।
