তোবা গ্রুপের কারখানা চালু বা বন্ধের বিষয়ে প্রতিষ্ঠানটির মালিকই সিদ্ধান্ত নেবেন। এক্ষেত্রে সরকার কোন ধরনের বেআইনী হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। সোমবার রাজধানীর প্রেস ইনস্টিটিউটে (পিআইবি) এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। গত রবিবার শাহবাগে শ্রমিক ঐক্য ফোরামের এক সমাবেশে তোবার ৫টি কারখানা সরকারের দায়িত্বে নিয়ে পরিচালনা করা বা তা শ্রমিকদের হাতে তুলে দেয়ার দাবি জানানো হয়। ওই বক্তব্যের জবাবে বাণিজ্য মন্ত্রী এ মন্তব্য করেন। একই সঙ্গে শ্রমিক না হয়েও যারা শ্রমিক নেতা হয়ে বিভিন্ন সভা সমাবেশ করছেন তাদের তীব্র সমালোচনার পাশাপাশি গার্মেন্টস খাত নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলে আবারো অভিযোগ তোলেন তিনি।
ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ও পিআইবি’র যৌথ উদ্যোগে আয়োজিত তিন দিনের প্রশিক্ষণ কোর্স শেষে সনদ হস্তান্তরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পিআইবি’র মহাপরিচালক শাহ আলমগীরের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, ইআরএফ সভাপতি সুলতান মাহমুদ বাদল ও সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণ সম্পন্নকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করেন বাণিজ্য মন্ত্রী।
চলতি আগস্ট মাসের বেতনও তোবা’র বন্ধ শ্রমিকদের দেয়ার দাবির পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রী বলেন, আইন অনুযায়ী, কারখানা বন্ধ করা হলে তাদের পাওনা পরিশোধ করতে হবে।
